প্রতিবেদন: আব্দুস ছাত্তার (শামীম) / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
দেশের প্রত্যন্ত তৃণমূল ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক মানসিক স্বাস্থ্যসেবার চরম অনুপস্থিতিকে জাতীয় চিকিৎসাব্যবস্থার একটি অন্যতম প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। প্রান্তিক জনগোষ্ঠীর এই দীর্ঘদিনের স্বাস্থ্যগত বৈষম্য দূরীকরণে সরকার ‘কমিউিনিটি মেন্টাল হেলথ’ নামে একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে একটি নিবিড় রেফারেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর দূরবর্তী টেলি-কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মানসিক চিকিৎসার পথ সুগম করা হবে। বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আঁচল ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) আয়োজিত যুবসমাজের মানসিক স্বাস্থ্য বিষয়ক এক জাতীয় আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: শাহজাদপুরে যমুনার বাঁধ সুরক্ষায় ও বজ্রপাত রোধে তালবীজ রোপণ উদ্বোধন
তৃণমূলের বাস্তব অবস্থা ব্যাখ্যা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে বিশেষায়িত প্রতিষ্ঠানের অভাব থাকায় গ্রামের সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত। উপজেলা পর্যায়ে কোনো ব্যক্তি তীব্র মানসিক অবসাদ, হতাশা কিংবা মানসিক চাপে নিপতিত হলে তিনি কোথায় যাবেন বা কার শরণাপন্ন হবেন, সে বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা ছিল না। এই শূন্যতা দূর করতেই কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসের মধ্যেই পাবনা মানসিক হাসপাতালের আধুনিকায়ন, নতুন অবকাঠামো নির্মাণ ও লোকবল বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটকেও আরও গতিশীল করা হচ্ছে, যাতে সাইকিয়াট্রিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি স্থায়ী রেফারেল ব্যবস্থা গড়ে ওঠে।
আত্মহত্যা প্রবণতা এবং বিদ্যমান সামাজিক কুসংস্কার দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ আত্মহননে প্রাণ হারালেও এর পেছনে মানসিক যন্ত্রণায় ভোগা মানুষের সংখ্যা আরও বহুগুণ বেশি। অথচ আমাদের সমাজ ও পরিবারগুলোতে মানসিক সংকট ধামাচাপা দেওয়ার প্রবণতা দেখা যায়। তিনি সবার সাথে খোলামেলা কথা বলার সংস্কৃতি গড়ে তুলতে ‘ইটস গুড টু টক’ স্লোগানের ওপর গুরুত্ব দেন। একই সাথে আত্মহত্যার চেষ্টার ক্ষেত্রে প্রচলিত ফৌজদারি আইনের কড়া সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যা কোনো অপরাধ নয় বরং এটি গভীর মানসিক বিপর্যয়ের লক্ষণ। অথচ বিদ্যমান আইন একে অপরাধ হিসেবে গণ্য করায় সামাজিক কুসংস্কার আরও বেড়ে যায়। একজন সংসদ সদস্য হিসেবে তিনি সংসদে এই আইনি প্রতিবন্ধকতা অপসারণে যৌক্তিক আইনি উদ্যোগ গ্রহণের বিষয়ে নিজের দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আলোচনা সভার শেষাংশে দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আগাম সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি সেপ্টেম্বর মাসের শেষ ভাগ ও আগামী অক্টোবর মাসের শুরুর দিকে ডেঙ্গু সংক্রমণের চরম বা পিক মৌসুম আসার স্পষ্ট পূর্বাভাস রয়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সংক্রমণ কমাতে দেশব্যাপী তিন মাস মেয়াদি বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে সারা দেশের ৩০০ জন চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনার ওপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ের সিভিল সার্জনদের মাধ্যমে মাঠপর্যায়ের সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা সামগ্রীর সরবরাহ প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন যে, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় আইভি স্যালাইন, ডেডিকেটেড বেড ও টেস্টিং কিটের কোনো ঘাটতি যেন না ঘটে, সেজন্য দুই মাস আগেই পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, সংকটের সময় তাদের অবশ্যই ডেঙ্গু রোগীদের জন্য পৃথক বেড বরাদ্দ রাখতে হবে এবং কোনো অজুহাতেই রোগীদের কাছ থেকে অতিরিক্ত চিকিৎসা ফি আদায় করা যাবে না। জনস্বার্থে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবায় কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। তৃণমূলের মানসিক স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধে সরকার কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য নীতি বাস্তবায়নে অবিচল রয়েছে।
সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।