পবিপ্রবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ, চক্রান্তকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

ঢাকা প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ

পরিকল্পিত সহিংসতার মাধ্যমে সমগ্র দেশকে অস্থিতিশীল করে তোলার গভীর চক্রান্ত ও সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাধারণ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: উল্লাপাড়ায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা

গত ২৬ সেপ্টেম্বর তারিখে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুলের সুনির্দিষ্ট নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত হয়। আয়োজিত এই প্রতিবাদী মিছিলে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, বিজয় ২৪ হল এবং এম. কেরামত আলী হলসহ বিভিন্ন আবাসিক হলের শাখা ও সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজেদের ঐক্য ও দৃঢ় অবস্থান প্রদর্শন করেন এবং ক্যাম্পাস চত্বর মুখর করেন।

নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় টিএসসি প্রাঙ্গণ থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি এম. কেরামত আলী হলের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। শান্তিপূর্ণ এই সমাবেশ শেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই প্রতিবাদী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: উল্লাপাড়ায় পুলিশ ও ছাত্রশিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই নেতা ও আটক দুই

সমাবেশের সমাপনী বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার থাকবে।

এ বিষয়ে পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ রাতুল বলেন, দেশজুড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আজকের এই কর্মসূচি। ছাত্রলীগের যেকোনো ধরনের অপতপরতার বিরুদ্ধে পবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এ ধরনের আন্দোলন ও কর্মসূচি ভবিষ্যতেও চলমান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

এস.এইস