সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: পূর্বের কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ, কনস্যুলেটের চিঠি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক / দিগন্ত বাংলা নিউজ

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ৪ দিন পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। ওই চিঠিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস কিংবা কনস্যুলেট জেনারেলকে পূর্বে বিন্দুমাত্র কিছু জানায়নি। গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠির মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়, যা নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

চিঠিতে প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আক্তার। তাঁরা উভয়েই পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট মাস থেকে আটক ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের প্রাপ্ত বন্দিদের সর্বশেষ তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুলকে আটক করা হয়েছিল এবং এর পরদিন ব্যভিচারের অভিযোগে আটক করা হয় সুইটিকে। নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন। তাঁরা দুজনই আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে লেগুনায় ওঠার পর অজ্ঞান করে সিরাজগঞ্জের যুবককে অপহরণ ও নির্যাতন, দুই লাখ টাকা মুক্তিপণ আদায়

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, বন্দি তালিকার ৭ নম্বর কলামে রায় ঘোষিত কয়েদিদের সাজার সংক্ষিপ্ত বিবরণ থাকার কথা থাকলেও ওই দুজনের ক্ষেত্রে কোনো সাজার তথ্য উল্লেখ ছিল না। এছাড়া সৌদি আরবের বিচারব্যবস্থায় সাইবার আইন এবং ব্যভিচারের অপরাধে এর আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো নজির নেই। জেদ্দা কনস্যুলেটের আওতাধীন সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারে বিভিন্ন ধরনের চারিত্রিক মামলায় বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন। এর মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষিত হয়েছে, যার মেয়াদ সর্বনিম্ন ১ মাস থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত। অপরদিকে সাইবার বা তথ্যপ্রযুক্তি আইনের অপরাধে মক্কায় অপর ৩টি পৃথক মামলায় সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে চিঠিতে বলা হয়, সৌদি আরবের ক্রিমিনাল কোর্টসহ অন্যান্য আদালতে বর্তমানে অনুবাদক নিয়োগের ক্ষেত্রে মারকাযুত তারজামাহ আল মুওয়াহহাদ প্রতিষ্ঠানের মাধ্যমে শুনানি চলাকালে অনুবাদ সহায়তা নেওয়া হয়। এক্ষেত্রে এসব আদালতে মিশনের পক্ষ থেকে বিচারিক কর্মকাণ্ডে আসামির পক্ষে অনুবাদক হিসেবে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। তবে বিচার চলাকালে এই দুই বাংলাদেশির পক্ষে কোনো দোভাষী বা আইনি প্রতিনিধিত্ব ছিল কি না, সে বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পাশাপাশি দুই বন্দির পরিবারের পক্ষ থেকেও আইনি সহায়তা চেয়ে কনস্যুলেটে কখনো কোনো আবেদন বা যোগাযোগ করা হয়নি।

আরও পড়ুন: সুদানে জোড়া ড্রোন হামলায় তিন শতাধিক নিহত, তীব্র মানবিক সংকট

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এসপিএ ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ প্রকাশ করে। এর পরদিন ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ব্যাপারে বিস্তারিত জানাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক পত্র দেয়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ওই কূটনৈতিক পত্র পুনরায় হস্তান্তর করা হয়। সর্বশেষ গত সোমবার জেদ্দার বাংলাদেশের কনস্যুলেট জেনারেল সাখাওয়াত হোসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের তথ্য কেন বাংলাদেশকে জানানো হয়নি, তা আনুষ্ঠানিকভাবে জানতে চেয়ে আরও একটি কূটনৈতিক পত্র প্রদান করেছেন।

সূত্র: এস.এইচ

আরও পড়ুন: সাতক্ষীরার কলারোয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় হিন্দু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ