চৌহালী প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের চৌহালী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মিথ্যা তথ্য ও ঘোষণা দিয়ে হেবা দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারের প্রায় আড়াই লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা প্রতিহত করার জেরে কর্তব্যরত সাব-রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত মোবাইল নম্বর থেকে রাজনৈতিক দলের দায়িত্বশীল পদধারী পরিচয়ে চাপ প্রয়োগ ও দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে ১৭ নভেম্বর এক দিনের কর্মবিরতি পালন করেছেন কার্যালয়ের দলিল লেখকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে চৌহালী উপজেলার খাস পুকুরিয়া গ্রামের নুরুল হক তাঁর ভাতিজা ও পালক পুত্র সাইদুল ইসলাম শাপলাকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে ঘোষণা দিয়ে প্রায় তিন বিঘা জমি হেবা ঘোষণার দলিলের মাধ্যমে হস্তান্তরের উদ্যোগ নেন। এ সময় কর্তব্যরত সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে তিনি কাগজপত্র ও তথ্য অধিকতর যাচাই-বাছাই করেন। যাচাইয়ে সাইদুল ইসলাম শাপলা প্রকৃতপক্ষে নুরুল হকের ভাতিজা ও পালক পুত্র, ঔরসজাত সন্তান নন বলে নিশ্চিত হওয়ার পর তিনি দলিলটির নিবন্ধন প্রক্রিয়া স্থগিত রাখেন। এর ফলে সরকারের প্রায় আড়াই লাখ টাকা রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়।
অভিযোগ উঠেছে, দলিলটি নিবন্ধন না করায় পরবর্তীতে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের দায়িত্বশীল পদধারী পরিচয় দিয়ে দলিলটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করা হয় এবং অন্যথায় দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে কার্যালয়ের দলিল লেখকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে ১৭ নভেম্বর তাঁরা এক দিনের কর্মবিরতি পালন করেন।
এ প্রসঙ্গে চৌহালী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “ভুল তথ্য দিয়ে দলিল নিবন্ধন করা হলে আমরাও বিপদে পড়তাম। এ দলিলের নিবন্ধন বন্ধ করে স্যার যেমন সরকারি রাজস্ব ফাঁকি রোধ করেছেন, তেমনি আমাদেরও বিপদের হাত থেকে রক্ষা করেছেন।” দলিল লেখক সমিতির সভাপতি মো. রুহুল আমিন বলেন, “আমাদের সাব-রেজিস্ট্রার মহোদয় অত্যন্ত আইনানুগ ও সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। স্যারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানাতেই আমরা এক দিনের কর্মবিরতি পালন করছি।”
অন্যদিকে কার্যালয়ে দলিল নিবন্ধন করতে আসা সেবাপ্রার্থী আবু হানিফ বলেন, “এ ধরনের অঘোষিত কর্মবিরতিতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে সরকারি কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে দেওয়া উচিত। তাঁদের হুমকি-ধমকি দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।” এ বিষয়ে চৌহালী উপজেলায় কর্মরত সাব-রেজিস্ট্রার মো. আব্দুর রহমান বলেন, “আমরা সবসময় আইন ও বিধি মেনে সরকারি রাজস্ব আহরণের পাশাপাশি মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করি। মানুষের সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তবে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।