সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর মৃত্যুর পর তাঁর জানাজার নামাজ আদায় ও শেষ বিদায়ে কবর প্রদানে ন্যাক্কারজনক বাধা সৃষ্টির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সিরাজগঞ্জে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের সূর্যসন্তানের প্রতি এমন চরম অবমাননাকর আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়ে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা জেলা কমান্ড ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রস্থল জেলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিবাদী মানববন্ধনে দলমত নির্বিশেষে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় বীরের মরদেহের অমর্যাদার মতো গর্হিত কাজের তীব্র ধিক্কার জানিয়ে পুরো কালেক্টরেট চত্বর প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশে এখনো সক্রিয় রয়েছে। মানবতা বিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদির মামলার সাক্ষী হওয়ার করনে একজন বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর লাঞ্চিত করা হয়েছে। একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের জানাযায় বাধা প্রদান করেছে।” বক্তারা ক্ষোভের সঙ্গে তুলে ধরেন যে, একাত্তরের রণাঙ্গনে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা একজন মুক্তিযোদ্ধার ধর্মীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাধা দেওয়া শুধু ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয়, বরং সমগ্র মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় মর্যাদার ওপর সরাসরি কুঠারাঘাত। এ ধরনের জঘন্য ধর্মীয় ও মানবিক অবক্ষয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে পিরোজপুরের সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উগ্র ধর্মান্ধ অপশক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
সিরাজগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদী সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন। জেলা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন কয়েক শত প্রবীণ বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। উপস্থিত মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে দেশব্যাপী আরও কঠোর প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলা হবে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।