প্রত্যাশিত সিরাজগঞ্জের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলার সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর গৌরবোজ্জ্বল অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মাহেন্দ্রক্ষণে এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে জিপিএ-৫ অর্জনকারী তিন সুবিধাবঞ্চিত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার (৭ নভেম্বর) জেলা শহরের প্রাণকেন্দ্র এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও গুণীজন সম্মিলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ২০১৮ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে জেলাজুড়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে মেধার সঠিক মূল্যায়ন ও তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথ মসৃণ করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন—বেলকুচি উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়া উপজেলার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দ উপজেলার কৃতী শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম। প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় তাঁদের প্রত্যেকের হাতে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট এবং এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এমন সাফল্যে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

মো. শাহাদৎ হোসেনের সুচারু সঞ্চালনায় আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে সংগঠনের বিগত দিনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক। উক্ত সম্মিলনে সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান এবং সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে এক আকর্ষণীয় লটারির আয়োজন করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে।

এস.এইস