আইনশৃঙ্খলা ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচনে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম

রায়গঞ্জ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকার সামগ্রিক জননিরাপত্তা বিধান, সামাজিক শৃঙ্খলা সুসংহত রাখা এবং দীর্ঘদিন ধরে ক্লুলেস হিসেবে থাকা একাধিক জটিল ও অমীমাংসিত হত্যা মামলার কার্যকর রহস্য উন্মোচনে অসাধারণ পেশাগত নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৬ মাসের জন্য জেলার ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। 

অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা সুরক্ষায় তাঁর নেতৃত্বাধীন চৌকস পুলিশি কার্যক্রমের ধারাবাহিক পর্যালোচনায় জেলা পুলিশের শীর্ষ পর্যায় থেকে এই বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁর এই অর্জনে সার্কেলভুক্ত দুই থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের নিয়মিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা ঘোষণা ও পুরস্কার প্রদান পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। 

তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে পুলিশ প্রশাসনের বিশেষ পেশাগত প্রশিক্ষণে যোগদানের উদ্দেশ্যে সিআইডিতে অংশ নিতে বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থান করছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। তাঁর সেই অনুপস্থিতির কারণে অনুষ্ঠানের মঞ্চে পুলিশ সুপারের হাত থেকে তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

কর্মের এমন প্রাতিষ্ঠানিক স্বীকৃতিতে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “এ পুরস্কার আমার একার অর্জন নয়, এটি রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ স্বীকৃতি আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।” অনুষ্ঠানে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা ভবিষ্যতে জনবান্ধব পুলিশিং জোরদার করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এস.এইস