শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত, ৫ লাখ টাকার ঋণ বিতরণ


প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আল-আমিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম শেখ রেজাসহ অন্যান্য অতিথিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, তারুণ্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে তরুণেরা নিজেদের উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এজন্য তরুণদের আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। তরুণদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত করতে হবে। তরুণদের মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।