শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সংবাদকর্মী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় শনিবার বেলা ৩টায়। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী পর্ব শেষে অতিথি এবং শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালি পরবর্তী সময়ে পিপিডি কনভেনশন সেন্টারে এক সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদার।

আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম রাজা।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, ক্রীড়া সংস্থার সদস্যসচিব কেএম রুবেল খন্দকার এবং দেশবরেণ্য ইসলামী বক্তা মাওলানা রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী প্রমুখ। পাশাপাশি শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য এই প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম ইতোমধ্যে একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি সবসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে থাকব এবং শাহজাদপুরের উন্নয়নে তাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এস.এইস