জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে শাহজাদপুরের শাওন ইসলাম, সংবর্ধনা ও পৃষ্ঠপোষকতার দাবি

শাহজাদপুর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান তরুণ ফুটবলার শাওন ইসলাম বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের হয়ে দেশের জার্সি গায়ে মাঠে প্রতিনিধিত্ব করছেন। জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এগিয়ে যাওয়া সম্ভাবনাময় এই ফুটবলারের সাফল্যে পুরো শাহজাদপুরবাসী গর্বিত। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মতে, শাওনের এই অর্জন শুধু শাহজাদপুরের জন্যই গর্বের বিষয় নয়, বরং এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, শাওন ইসলাম শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নিজেকে তৈরি করে পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (BKSP)-তে ভর্তি হয়েছিলেন। কঠোর পরিশ্রম, দীর্ঘদিনের সাধনা ও অনুশীলনের মাধ্যমে তিনি আজ জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করে দেশের সুনাম বয়ে আনছেন। স্থানীয়দের দৃষ্টিতে শাওন কেবল একজন ফুটবলার নন, বরং তিনি শাহজাদপুরের আগামী দিনের ক্রীড়া সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। এর আগে আখি খাতুন, সাব্বির ও প্রীতমের মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের নিয়ে শাহজাদপুরবাসী যেমন গর্ব করেছে, তেমনি শাওন ইসলামও হয়ে উঠছেন এই জনপদের ক্রীড়াঙ্গনের নতুন গর্ব ও সম্ভাবনা।

এলাকাবাসীর অভিমত, যেকোনো প্রতিভাকে জাতীয় পর্যায়ে পৌঁছাতে দীর্ঘদিনের পরিচর্যা, সহযোগিতা ও অনুপ্রেরণার প্রয়োজন হয় এবং প্রতিভা জাতীয় পর্যায়ে পৌঁছানোর পর তার পাশে দাঁড়ানো ও যথাযথ মূল্যায়ন করা সমাজের সম্মিলিত দায়িত্ব। ক্রীড়াঙ্গন যেন কেবল পদ-পদবি, কমিটি কিংবা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে প্রকৃত প্রতিভার যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করে, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।

জাতীয় পর্যায়ে শাহজাদপুরের নাম উজ্জ্বল করা এই তরুণ ফুটবলারের অর্জনকে যথাযথ স্বীকৃতি ও সংবর্ধনা জানাতে শাহজাদপুর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শাওনের স্বপ্নপূরণের পথে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহণ করা হলে তা স্থানীয় নতুন প্রজন্মের ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস.এইস