নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিভিন্ন সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপনের লক্ষ্যে দরপত্র আহ্বান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোলার প্যানেল স্থাপন ও বাস্তবায়নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন জানান, উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিস ভবন ও প্রাথমিক বিদ্যালয়ের ছাদ পরিমাপ করে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য সক্ষমতা অনুযায়ী কিলোওয়াট নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গতকাল ও আজ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মডেল ও দরপত্র প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, সোলার প্যানেল স্থাপনের জন্য মূলত দুটি মডেল রয়েছে—ওপেক্স (OPEX) ও ক্যাপেক্স (CAPEX)। এর মধ্যে ক্যাপেক্স মডেলে উপজেলা পরিষদ ও শাহজাদপুর পৌরসভা দরপত্র আহ্বান করেছে এবং অন্যদিকে ওপেক্স মডেলে উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও ৫টি ইউনিয়ন ভূমি অফিস দরপত্র আহ্বান করেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রবীন্দ্র কাছারিবাড়ি ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সঙ্গে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যে ব্যবস্থাকে ইউটিলিটি ওপেক্স মডেল হিসেবে অভিহিত করা হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেনসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্টদের মতে, পর্যায়ক্রমে এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে শাহজাদপুরে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।