সিরাজগঞ্জে উত্তোলিত বালু সরানোর নামে ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে গভীর খাদ

কামারখন্দ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের বিভিন্ন নদী খনন পরবর্তী স্তূপীকৃত বালু সরকারিভাবে অপসারণের নিলাম চুক্তিকে পুঁজি করে চলছে অবাধে নতুন বালু উত্তোলনের মহোৎসব। স্তূপের বালু নির্ধারিত প্রক্রিয়ায় স্থানান্তরের আড়ালে প্রভাবশালী চক্র শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে কৃষকদের উর্বর আবাদি জমি কেটে নিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি কোনো কোনো এলাকায় নদীর তীরবর্তী জমিতে প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর কৃত্রিম খাদ তৈরি করা হয়েছে। নির্বিচারে এই খননযজ্ঞের ফলে একদিকে যেমন বহুমুখী ফসলি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে সংকুচিত হচ্ছে, অন্যদিকে আকস্মিক নদীভাঙন ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার গভীর আতঙ্কে দিন পার করছেন স্থানীয় নদীপাড়ের শত শত পরিবার। সার্বিক পরিস্থিতিতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে অনিয়মে যুক্ত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিরাজগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন, বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা

সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার দিয়ে দিনরাত অবিরাম বালু কেটে নেওয়ার কারণে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাই এলাকার নূরনগরে ফসলি জমি গভীর খাদের রূপ ধারণ করেছে এবং আশপাশের মাঠ পরিণত হয়েছে বিস্তৃত বালুর মরুভূমিতে। কেবল নূরনগর এলাকাতেই নয়, জেলার আলোকদিয়া, বরহরসহ বিস্তীর্ণ চরাঞ্চলেও বালু অপসারণের দোহাই দিয়ে একই কায়দায় চালানো হচ্ছে অবৈধ বালু উত্তোলন। সংশ্লিষ্ট নথিপত্র ও চুক্তি মোতাবেক ড্রেজিংয়ের মাধ্যমে প্রাপ্ত বালুর ৫০ শতাংশ জমির মূল মালিকদের এবং অবশিষ্ট ৫০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারের প্রাপ্য ছিল। কিন্তু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিলামের মাধ্যমে উক্ত বালু বিক্রির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই নানামুখী জটিলতা ও দুর্নীতির বিস্তার ঘটে। নিলামে সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকলেও তা প্রকাশ্যেই লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

মার্কিন কারাগারে ধর্মগ্রন্থ পাঠে সময় কাটছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর

স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষোভ প্রকাশ করে জানান, স্তূপের বালু নেওয়ার বদলে ড্রেজার দিয়ে সরাসরি কৃষিজমি কেটে ভূগর্ভস্থ বালু তুলে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা উদ্বেগের সাথে জানান, বালু বিক্রির টাকা দিয়ে কী হবে, যদি এতে গ্রামেরই ক্ষতি হয়? ড্রেজার দিয়ে জমি কেটে নেওয়ায় আশপাশের কৃষিজমি ও বসতভিটা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। উল্লেখ্য, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদীগুলোর নাব্য বৃদ্ধি, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে ২০২১ সাল থেকে ‘বাঙ্গালি-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগড় নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়। কিন্তু সুফল মেলার বদলে বালু বাণিজ্যের বলি হয়ে নদীতীরবর্তী হাজারো পরিবার এখন পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে।

এদিকে বিষয়টি নজরে আসার পর কঠোর পদক্ষেপের কথা জানিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘ঝাটিবেলাই এবং আলোকদিয়ায় নিলামপ্রাপ্ত ব্যক্তিদের আর কোনো চুক্তির মেয়াদ নেই। আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি। যখনই আমাদের কাছে অভিযোগ আসছে, আপনাদের মাধ্যমে হোক কিংবা স্থানীয় লোকজনের কাছ থেকে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি।’ মূল্যবান আবাদি জমি রক্ষা ও স্থায়ী ভাঙন প্রতিরোধে অবৈধ ড্রেজিং অবিলম্বে বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এস.এইস

কুচকাওয়াজে প্রধানমন্ত্রী, ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ