শীতের আগমনে কাজীপুরের ২৫ গ্রামে কম্বল তৈরিতে ব্যস্ত ৩০ হাজার কারিগর

কাজীপুর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

শীতের আগমনি বার্তায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ২৫টি গ্রামে কম্বল তৈরির কর্মচঞ্চলতা তুঙ্গে উঠেছে। যমুনা নদীর ভাঙনে আড়াই দশক আগে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে কর্মহীন হয়ে পড়া এসব গ্রামের নানা বয়সি মানুষ এখন ভোর থেকে রাত পর্যন্ত কম্বল তৈরি করেও চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের দিকে কাজীপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামের আব্দুল খালেক এবং পরবর্তীতে বর্শীভাঙ্গা গ্রামের সাইদুল ইসলাম ঢাকার গাজীপুর থেকে পোশাক কারখানার ঝুট কাপড় কিনে এনে নিজ বাড়িতে কম্বল তৈরি শুরু করেন। সাইকেলে করে গ্রামে গ্রামে কম্বল বিক্রি করে দ্রুত লাভবান হওয়ায় এই উদ্যোগ উপজেলার শিমুলদাইড়, বর্শীভাঙ্গা, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, পাইকরতলী, ঢেকুরিয়া, বরইতলা, মুসলিমপাড়া, মানিকপটল, গাড়াবেড়, রশিকপুর, হরিনাথপুর, ভবানীপুর, মাথাইলচাপড়, রৌহাবাড়ী, পলাশপুর, বিলচতল, লক্ষ্মীপুর, বেলতৈল, চকপাড়া, চালিতাডাঙ্গা, কবিহার ও হাটশিরা গ্রামে ছড়িয়ে পড়ে। বর্তমানে এসব গ্রামের অন্তত ৩০ হাজার নারী-পুরুষ সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।

উপজেলায় বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ হাজার পা চালিত এবং পাঁচ থেকে ছয় শতাধিক ফ্ল্যাট লক পাওয়ার মেশিন রয়েছে। মাইজবাড়ী ইউনিয়নের শিমুলদাইড় বাজারের কারিগর রবিউল আলম জানান, ঢাকা থেকে কিনে আনা পোশাক শিল্পের ঝুট কাপড় বিশেষ কায়দায় সেলাই করার পাশাপাশি চাহিদা অনুযায়ী নতুন কাপড় কেটেও কম্বল তৈরি করা হয়। আরেক কারিগর মিজানুর রহমান জানান, পা মেশিনে একজন শ্রমিক প্রতিদিন ৮ থেকে ১০টি কম্বল তৈরি করে সাইজভেদে প্রতিটির জন্য ৩০ থেকে ৫০ টাকা মজুরি পান। অন্যদিকে ফ্ল্যাট লক মেশিনে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০টি কম্বল তৈরি করা যায়, যেখানে ওজনের ভিত্তিতে কারিগররা ২ থেকে ৫ টাকা পর্যন্ত মজুরি পান। 

ফ্ল্যাট লক মেশিনের কারিগর ইসমাইল সেখ বলেন, প্রতিটি মেশিনে কমপক্ষে তিনজন শ্রমিক কাজ করেন এবং এতে প্রত্যেকের দৈনিক আয় হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। তিনি আরও জানান, ব্লেজার তৈরির পরিত্যক্ত ঝুট জোড়া দিয়ে বানানো কম্বল বেশ হালকা ও আরামদায়ক হওয়ায় ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়, যেখানে একটি লেপ বানাতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়। তবে দুই বছর আগে ১০ টাকা কেজি দরে কেনা ঝুট কাপড় এখন ২৫ থেকে ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। গৃহস্থালির কাজের ফাঁকে সংসারের সচ্ছলতা ফেরাতে নারীরাও এই পেশায় যুক্ত হয়েছেন। যমুনা নদী ভাঙন কবলিত এলাকার গৃহিণী ফুয়ারা বেগম জানান, স্বামীর একার উপার্জনে পঞ্চম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই সন্তানের পড়াশোনা ও সংসার চালানো কঠিন হওয়ায় তিনি কম্বল তৈরির কাজ করছেন। ছালাভরা গ্রামের সুফিয়া খাতুন জানান, প্রতি কম্বলে ৩০ থেকে ৪০ টাকা মজুরিতে দিনে ৭ থেকে ১০টি কম্বল সেলাই করে তিনি ২৮০ থেকে ৪০০ টাকা আয় করেন, যা সন্তানদের পড়াশোনা ও সংসারের কাজে ব্যয় হয় এবং স্বামীর আয় কৃষি জমি ও গবাদিপশু পালনে বিনিয়োগ করা হয়।

শিমুলদাইড় বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম জানান, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে মণ প্রতি ৫০০ থেকে তিন হাজার টাকা দরে কেনা প্রতি মণ ঝুট কাপড়ে ৭০ থেকে ১২০টি কম্বল তৈরি হয় এবং পাইকারি পর্যায়ে প্রতিটি কম্বল ৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। এই বাজারের প্রায় ১০০টি দোকান থেকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা কম্বল কিনে নিয়ে যান, যাতে শীত মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার লেনদেন হয়। রংপুর থেকে আসা পাইকারি ব্যবসায়ী লিয়াকত আলী জানান, আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় প্রতি বছর তিনি এখান থেকে কম্বল কেনেন; এবারও প্রায় ২০ লাখ টাকার কম্বল মজুদ করেছেন এবং আরও পাঁচ লাখ টাকার কম্বল কিনবেন।

শিমুলদাইড় বাজার বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন জানান, কম্বলের পাশাপাশি ছোট ছেলে-মেয়েদের পোশাক তৈরি করে পরিবহন ও অনলাইন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। প্রতি শীত মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি টাকার পণ্য বিক্রি হলেও এবার সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে ব্যবসায়ীরা কিছুটা শঙ্কায় রয়েছেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার বলেন, কাজীপুরের কম্বল একটি সম্ভাবনাময় শিল্প, যা গ্রামে বসেই হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, কম্বল শিল্পকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এস.এইস