সিরাজগঞ্জে পলিটেকনিকের মেধাবী ছাত্রীকে ল্যাপটপ দিল আব্দুস সাত্তার ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ডিপার্টমেন্টের এক মেধাবী ছাত্রীর শিক্ষাজীবনে সহায়তা করতে তাঁর হাতে একটি উন্নতমানের ল্যাপটপ তুলে দিয়েছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। রোববার বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে ল্যাপটপটি তুলে দেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ মহল্লার বাসিন্দা মৃত হাবিবুর রহমানের মেয়ে মোছা: উম্মে হাবিবা সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। পিতৃহীন এই শিক্ষার্থী চরম অভাব-অনটনের সংসারের মধ্য দিয়ে অত্যন্ত কষ্ট করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

বর্তমান সময়ে কারিগরি ও ডিজিটাল পদ্ধতিতে উন্নত লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য একটি ল্যাপটপের অত্যন্ত প্রয়োজন হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা কেনা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে একটি ল্যাপটপের অভাবে মেধাবী এই ছাত্রীর নিয়মিত পড়াশোনা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। বিষয়টি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন এবং নিজ উদ্যোগে উন্নতমানের একটি নতুন ল্যাপটপ ক্রয় করে শিক্ষার্থী উম্মে হাবিবার হাতে তুলে দেন।

পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ল্যাপটপটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেধাবী শিক্ষার্থী মোছা: উম্মে হাবিবা এবং তাঁর মা। তাঁরা এই মহতী ও সময়োপযোগী সহায়তার জন্য আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এস.এইস