সিরাজগঞ্জে সরকারি চরের কাশবন বিক্রির অভিযোগে কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ

সিরাজগঞ্জ সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বুকে জেগে ওঠা সরকারি খাসজমির শত শত বিঘা চরের কাশবন প্রায় ৫০ লক্ষাধিক টাকায় বিক্রি করে সম্পূর্ণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়ার বিরুদ্ধে। সরকারি নিয়মনীতি ও নিলাম প্রক্রিয়া অনুসরণ না করে এই কাশবন বিক্রি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে এবং একই সাথে উক্ত কাশবন সরকারিভাবে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের পূর্ব পাশে যমুনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে প্রাকৃতিকভাবে ঘন কাশবন জন্মেছে। শরৎ ও হেমন্ত মৌসুমে ঘরের ছাউনি, বেড়া, পানের বরজ তৈরি এবং গবাদিপশুর খাদ্য হিসেবে এই কাশের ব্যাপক অর্থনৈতিক চাহিদা রয়েছে। অভিযোগ উঠেছে, এই সুযোগ কাজে লাগিয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া কোনো ধরনের সরকারি নিয়মনীতি বা নিলাম প্রক্রিয়া ছাড়াই জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া মহল্লার চান মোহনের ছেলে সাধন মোহনের কাছে প্রায় ৫০ লাখ টাকায় এসব কাশবন বিক্রি করে দেন। বর্তমানে ক্রেতা সাধন মোহন প্রায় ৪০০ গরু-মহিষের খাদ্য হিসেবে এসব কাশ ব্যবহার করছেন এবং পাশাপাশি বিক্রিযোগ্য কাশবন কেটে নেওয়ার কার্যক্রমও চলমান রেখেছেন।

এ বিষয়ে কাশবন ক্রেতা সাধন মোহন জানান, কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়ার সাথে স্ট্যাম্পে চুক্তি করে ৫০ লাখ টাকায় কাশবন কিনেছেন। তবে কোনো সমস্যা হলে প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী নেতাদের পাওনা টাকা পরিশোধ করবেন না বলেও জানান তিনি। অন্যদিকে, অভিযুক্ত কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া দাবি করেন, প্রশাসনকে মৌখিকভাবে কাশবন বিক্রির বিষয়টি জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, গতকাল ১১ লাখ টাকা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করেছেন এবং কাশবন বিক্রির সাথে আরও অনেকে জড়িত রয়েছে।

ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান বলেন, বিষয়টি জানার পর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। একই সাথে কাশবন নিলামে বিক্রির জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে, প্রভাবশালীদের দখলদারত্বের কারণে কাওয়াকোলা ইউনিয়নের স্থানীয় কৃষক ও গবাদিপশুর খামারিরা বিনামূল্যে কিংবা ন্যায্যমূল্যে কাশ ও ঘাস সংগ্রহ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন এবং কোথাও কোথাও ঘাস বা কাশ কাটতেও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল চরাঞ্চলের খাসজমির সঠিক জরিপ পরিচালনা, স্বচ্ছ নিলাম ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ৫০ লাখ টাকার এই অবৈধ লেনদেনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এস.এইস