নিজস্ব প্রতিবেদন / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ শহরের অপরাধ প্রবণতা রোধ এবং নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে 81টি গুরুত্বপূর্ণ স্থানে 266টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমকে সামনে রেখে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা বসে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সদর থানার ওসি রকিবুল ইসলাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে, সেসব স্থান নির্ধারণ করা, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন এবং পরবর্তীতে ক্যামেরাগুলোর সংরক্ষণ ও পরিচালনা কীভাবে করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, অনেক আগেই সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে সেসব ক্যামেরার অনেকগুলোই অকেজো হয়ে পড়ে। সেই পরিস্থিতির কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন ও জোরদার করতে আবারও নতুন করে এসব সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।