সিরাজগঞ্জে শীতকালীন সবজির ভালো ফলন হলেও খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কামারখন্দ প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

ঋতু পরিবর্তনের সাথে সাথে সিরাজগঞ্জের বিস্তীর্ণ কৃষিজমিতে শুরু হয়েছে শীতকালীন সবজির ব্যাপক আবাদ। জেলার প্রতিটি মাঠ এখন গাঢ় সবুজের চাদরে ঢাকা পড়েছে। সারি সারি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা ও বেগুনের লকলকে চারা প্রাকৃতিক শোভা বৃদ্ধির পাশাপাশি ভালো ফলনের জোরালো ইঙ্গিত দিচ্ছে। অনুকূল পরিবেশ থাকায় ফসলের বৃদ্ধি চমৎকার হলেও স্থানীয় প্রান্তিক চাষিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সার, কীটনাশক ও সেচ ব্যবস্থার চড়া মূল্য এবং দিনমজুরের বাড়তি পারিশ্রমিকের কারণে উৎপাদন খরচ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে মাঠভরা সবুজ ফসল দেখেও লাভ তোলা নিয়ে গভীর সংশয়ে দিন কাটাচ্ছেন কৃষকেরা।

সরেজমিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদসসিকা গ্রাম ঘুরে দেখা যায় শীত কালীন আগাম সবজির মাঠ। চারদিকে চোখ মেললেই দেখা যায় দিগন্তজোড়া সবজির আবাদ। ভোরের আলো ফুটতেই কোদাল, নিড়ানি আর সেচের পাইপ হাতে মাঠে নেমে পড়ছেন চাষিরা। কেউ জমিতে পানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েছেন চারা গাছের গোড়ায় মাটি তুলে দিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় সবজির চারা দ্রুত বাড়ছে। মাঠের এমন দৃশ্য কৃষকের মুখে হাসি ফোটালেও মনের ভেতরে চেপে বসেছে লোকসানের ভয়।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে জমি চাষাবাদ থেকে শুরু করে চারা রোপণ ও পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে অত্যধিক অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে খোলাবাজারে রাসায়নিক সারের বাড়তি দাম, পোকামাকড় দমনে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল ও বিদ্যুতের বর্ধিত বিল উৎপাদন খরচকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর সাথে যোগ হয়েছে দৈনিক কৃষি শ্রমিকের উচ্চ মজুরি। কৃষকদের আশঙ্কা, এক বিঘা জমিতে যে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে, ফসল কাটার পর পাইকারি বাজারে কাঙ্ক্ষিত দর না মিললে বড় ধরনের লোকসান গুনতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখে সরাসরি বাজারে ন্যায্যমূল্য না পেলে এই ক্ষতি পুষিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়বে।

কেবল কামারখন্দের চরদসসিকাই নয়; রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুরসহ জেলার অন্যান্য উপজেলায়ও এখন চলছে শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যার ধুম। অনেক এলাকায় আগাম জাতের সবজি তুলে স্থানীয় হাট বাজারে বিক্রি শুরু হয়েছে, আবার অনেক স্থানে কেবল চারা রোপণের কাজ শেষ হয়েছে। এ অবস্থায় মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বক্ষণিক তৎপর থেকে কারিগরি সহায়তা প্রদান করছেন। কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন জানান, শীতের সবজি আবাদে কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত ও মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে রোগবালাই দমন, সুষম সারের পরিমিত ব্যবহার ও আধুনিক চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ যতটা সম্ভব সাশ্রয়ী রাখার পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

সব মিলিয়ে মাঠে সবুজ ফসলে কৃষকের সোনালী স্বপ্ন দুললেও, সেই স্বপ্ন কতটা সফল হবে তা পুরোটাই নির্ভর করছে বাজারের উপর নির্ভর করে। সার ও তেলের বাজারে নজরদারি জোরদার এবং প্রান্তিক চাষিরা যাতে সরাসরি পাইকারি বাজারে ভালো দাম পান, সে বিষয়ে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

এস.এইস