সিরাজগঞ্জে এসআরবি সদর দপ্তরে তিন জেলার ৬৫ চরমপন্থির আনুষ্ঠানিক আত্মসমর্পণ


নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সহিংসতা ও অন্ধকার জীবনের ভুল পথ পরিহার করে আলোর পথে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন উত্তর ও পশ্চিমাঞ্চলের তিন জেলার সশস্ত্র চরমপন্থি দলের ৬৫ জন সক্রিয় সদস্য। সমাজের মূলধারায় একীভূত হওয়ার এই আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হয় রবিবার (১ নভেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জে অবস্থিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তর প্রাঙ্গণে। আত্মসমর্পণকারী চরমপন্থিদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনা জেলার বাসিন্দা ৪৫ জন অন্তর্ভুক্ত রয়েছেন। রাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে তারা আইনশৃঙ্খলার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে স্বাভাবিক জীবনযাপনের শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, “যারা এখনো ভুল পথে রয়েছেন, তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাই। কেউ জন্মগতভাবে সর্বহারা বা চরমপন্থি হয়ে জন্মায় না। নানা কারণে মানুষ ভুল পথে পা বাড়ায়। যারা আজ আত্মসমর্পণ করে সঠিক পথে ফিরেছেন, তারা অন্যদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বলে আশা করি।” তিনি আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও আত্মনির্ভরশীল করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”

এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, এসআরবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান। অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্য আয়নুল হক ও আলম সেখ তাদের অতীত ভুলের অনুশোচনা প্রকাশ করে বক্তব্য রাখেন এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্যান্য বিপথগামীদেরও অস্ত্র ছাড়ার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শতাধিক চরমপন্থি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে তৎকালীন র‌্যাব কার্যালয়ে সাত জেলার আরও ৩২৩ জন সদস্য আত্মসমর্পণ করেন। সেই ধারাবাহিকতায় এবার এই ৬৫ জন আলোর পথের যাত্রী হলেন।

এস.এইস