উল্লাপাড়া প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. নূর কায়েম সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদ।
আয়োজক ও দলীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের পাশাপাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যেও এই মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আয়োজকদের দেওয়া হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম দিনে মোট ২৪১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে চেয়ারম্যান পদে ৮০টি, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৬৭টি এবং সাধারণ সম্পাদক পদে ৯৪টি ফরম সংগৃহীত হয়েছে। দলীয় সূত্র আরও জানিয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের চূড়ান্ত বাছাইয়ের ক্ষেত্রে দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।