ভৈরব প্রতিনিধি / কিশোরগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক তরুণ ও তরুণী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ব্যস্ততম সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় উভয়ই জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে।
জানা যায়, বিশাল মিয়া ও রহিমা বেগম শনিবার বিকেলে মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে গরু বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে দুই দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে বিশালের বাম উরুতে এবং রহিমার কাঁধে আঘাত করে জখম করে।
আরও পড়ুন: নেত্রকোনার বারহাট্টা ভূমি অফিসে রঙিন ফুলের বাগান, মুগ্ধ সেবাগ্রহীতারা
এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। মেঘনা ব্রিজ এলাকার কফি হাউজ মালিক ফারুক মিয়া জানান, খবর পেয়ে দৌড়ে গিয়ে ভুক্তভোগী তরুণ-তরুণীকে উদ্ধার করি। ছেলেটির উরুতে ছুরিকাঘাতে মারাত্মক রক্তক্ষরণ হচ্ছিল। আমার কফিশপ থেকে গামছা এনে পায়ে পেঁচিয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে পাঠাই।
আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজা নিহত
হাসপাতালে নেওয়ার পর বিশালের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে রহিমার আঘাত কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দা আরমান মিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা ব্রিজ একটি দর্শনীয় এলাকা হলেও এটি এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নড়বড়ে নজরদারির কারণে পর্যটক ও স্থানীয়রা প্রতিনিয়ত আতঙ্কে থাকেন।
ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাটি লোকমুখে শোনার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত তরুণকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: স্থানীয় প্রতিনিধি ও পুলিশ প্রশাসন

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।