নেত্রকোনার বারহাট্টা ভূমি অফিসে রঙিন ফুলের বাগান, মুগ্ধ সেবাগ্রহীতারা

নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

প্রশাসনিক কার্যালয়ের গতানুগতিক ও রুটিনমাফিক পরিবেশ বদলে দিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলা ভূমি অফিসে গ্রহণ করা হয়েছে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ। কার্যালয় চত্বরকে আরও আকর্ষণীয়, প্রাণবন্ত ও সতেজ করে তুলতে সেখানে গড়ে তোলা হয়েছে বাহারি ফুলের একটি দৃষ্টিনন্দন বাগান। অফিসের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই যে কারোর চোখে পড়বে রংবেরঙের হরেক রকম ফুলের চমৎকার সমারোহ, যা সেবা নিতে আসা সাধারণ মানুষের মনে দারুণ স্বস্তি এনে দিচ্ছে।

সরেজমিনে সংশ্লিষ্ট প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অফিসের চারপাশের বিভিন্ন খালি জায়গায় পরম যত্নে ও সুশৃঙ্খলভাবে লাগানো হয়েছে ডালিম, গোলাপ, কাট গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, চামেলি, টগর ও রজনীগন্ধার মতো নানা প্রজাতির আকর্ষণীয় ফুলগাছ। ছোট-বড় এসব গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কারণে পুরো চত্বরের রূপই সম্পূর্ণ পাল্টে গেছে। চারপাশের এই সবুজ ও ফুলের সমারোহে এক চমৎকার প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বেলকুচির মুকুন্দগাঁতি বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

সেবা নিতে আসা দিলারা নামের এক নারী নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘নেত্রকোনা সদরসহ অনেক উপজেলা ভূমি অফিসে গিয়েছি। কিন্তু এ ধরনের উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। বারহাট্টা ভূমি অফিসকে ফুলের বাগানে সাজানোর উদ্যোগটি প্রশংসনীয়।’ অপর সেবা প্রার্থী আনিসুর রহমান জানান, ‘বর্তমান এসিল্যান্ড স্যার একজন সৎ মানুষ। তিনি যেভাবে অফিসের ভেতরে ফুলের বাগান করেছেন, তা দেখলে মন ভালো হয়ে যায়। গাছগুলো আরও বড় হলে পরিবেশটা আরও সুন্দর হবে।’

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, কার্যালয়ের সার্বিক সৌন্দর্যবর্ধন এবং প্রতিদিন সেবা নিতে আসা মানুষের জন্য একটি মনোরম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই ফুলের বাগান তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। রোপণকৃত গাছগুলোর যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সেজন্য নিয়মিতভাবে সেগুলোর দেখভাল করা হচ্ছে।

আরও পড়ুন: চাকরি পুনর্বহালের দাবিতে বাঘাবাড়ী মিল্ক ভিটায় শ্রমিকদের আমরণ অনশন

এ বিষয়ে বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, ‘গতানুগতিকতার বাইরে গিয়ে ভূমি অফিসের মূল ফটক থেকে শুরু করে পুরো অফিস চত্বরের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে অফিসটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আমি হয়তো এখানে থাকব না, কিন্তু এই সৌন্দর্য মানুষের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।’

এস.এইস