বেলকুচির মুকুন্দগাঁতি বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র মুকুন্দগাঁতি বাজার। তাঁতশিল্পসমৃদ্ধ এই বিপণন কেন্দ্রে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে, তবে তীব্র যানজট স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও এর স্থায়ী সমাধান মিলছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে উপজেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও প্রয়োজনে আসেন। ফলে ব্যস্ত এ বাজারের প্রধান সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। এর সঙ্গে সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল এবং যত্রতত্র যানবাহন পার্কিং যানজটকে আরও তীব্র করছে। নির্দিষ্ট পার্কিং ব্যবস্থার অভাবও এর অন্যতম কারণ।

আরও পড়ুন: মুকসুদপুরে মানবপাচার চক্রের মূল হোতা ‘বিশু গ্যাং’-এর প্রধান গ্রেপ্তার

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, যানজট নিরসনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান চালানো হলেও এসব উদ্যোগের সুফল কখনো স্থায়ী রূপ নেয় না। অভিযান শেষ হওয়ার মাত্র কিছুদিন পরই সড়কের দুই পাশে আবারও অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বসে যায়। পাশাপাশি চালকদের অসচেতনতার কারণে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখায় সার্বিক যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী এবং দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে যানজটের কবলে পড়ে প্রায়ই আটকে থাকছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার বিভিন্ন যানবাহন। অনেক সময় গুরুত্বপূর্ণ এই সড়কটিতে ঘণ্টার পর ঘণ্টা ধীরগতিতে চলতে হয় যানবাহনকে। সড়ক ব্যবহারকারীদের মতে, শুধু মাঝেমধ্যে অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান করা কখনোই সম্ভব নয়।

আরও পড়ুন: বাঘাবাড়ী ঘাট ট্যাংকলরী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কমিটি গঠিত

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান বলেন, “মুকুন্দগাঁতি বাজার ও আশপাশের এলাকায় যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যানজট নিয়ন্ত্রণে একজন ট্রাফিক পুলিশ নিয়োজিত রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে একটি সিএনজি স্ট্যান্ড নির্মাণ করে দেওয়া হয়েছে। এরপরও যানজট পুরোপুরি কমানো যাচ্ছে না। এর অন্যতম কারণ যানবাহন চালকদের অসচেতনতা এবং যত্রতত্র পার্কিং।” তবে যানজট স্থায়ীভাবে নিরসনে পৌরসভার পক্ষ থেকে সড়কের পাশের অংশ প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এস.এইস