রাজপাড়া প্রতিনিধি / রাজশাহী / দিগন্ত বাংলা নিউজ
রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বাকির মোড় এলাকায় খুচরা টাকা বা ভাঙতি দেওয়াকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে পেট্রল বোমা নিক্ষেপ এবং ধারালো অস্ত্রের আঘাতে আবদুল বারী নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই লোমহর্ষক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও গভীর আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুন: বেলকুচিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, সাবেক দুই সেনাসদস্য গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার দিকে চন্দিপুর এলাকার কয়েকজন বখাটে যুবক মাদক সেবনের উদ্দেশ্যে বাকির মোড় এলাকায় জড়ো হয়। পরবর্তীতে তারা নগদ টাকার ভাঙতি নেওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী আবদুল বারীর দোকানে প্রবেশ করে। বারী টাকা ভাঙতি দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জেরে গত শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও পেট্রল বোমা নিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত্র দল আকস্মিক ওই দোকানে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা টের পেয়ে বারী ও তার পরিবারের সদস্যরা দ্রুত দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠনে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা
এই সুযোগে ওত পেতে থাকা হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী আবদুল বারীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আবদুল বারীর বয়স চল্লিশ বছর এবং তিনি ওই এলাকার বদরুল সরকারের সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার দুপুর নাগাদ এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।