উত্তরা প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
শারদীয় দুর্গোৎসব ও পূজার ছুটির কারণে রাজধানী ঢাকার রাজপথ অনেকটাই ফাঁকা হলেও এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি উত্তরার কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে। শুক্রবার সকালে উত্তরার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম চড়া রয়েছে এবং কোনো কোনোটির দাম উল্টো বেড়েছে। আয়ের সঙ্গে সংসারের ব্যয়ের হিসাব মিলাতে না পেরে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাধ্য হয়ে সবকিছু মেনেই তাদের সংসার চালাতে হচ্ছে।
শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম কমার লক্ষণ নেই। বাজারে প্রকারভেদে বেগুন ১০০ থেকে ১৮০ টাকা, পটল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ও করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, শিম ১৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, শসা ১২০ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৭০ থেকে ৮০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, বরবটি ও মুলা ৮০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, আলু ৪০ টাকা এবং রসুন ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: নীলফামারীর ডিমলায় জমজমাট হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পূর্ণারঝার একাদশ
মুদিপণ্যের বাজারে বড় ধরনের অস্বস্তি বিরাজ করছে। প্যাকেটজাত ময়দা (২ কেজি) ১৪০ থেকে বেড়ে ১৮০ টাকা এবং প্যাকেটজাত আটা ৬৫ থেকে বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। চিনি ১১০ টাকা, খোলা চাল (গুটি স্বর্ণা) সর্বনিম্ন ৫০ টাকা এবং পোলাও চাল প্রায় ২০০ টাকা কেজি। মসুর ডাল মোটা ১০০ ও চিকন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৪০ টাকায় নামলেও গরুর মাংস ৮২০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা। রুই মাছ ৩৮০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ও তেলাপিয়া ৩৩০ থেকে ৩৫০ টাকা এবং ছোট মাছ প্রায় ৫০০ টাকা কেজি। এছাড়া হুইল পাউডার ১৫৫ টাকা ও সাবান ৩৫ টাকায় দাঁড়িয়েছে।
বাজার করতে আসা উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা আশরাফুল বলেন, “মনে করেছিলাম পূজার ছুটিতে রাজধানীর লোকজন গ্রামে চলে গেছে, তাই হয়তো জিনিষপত্রের দাম কিছুটা কমবে। কিন্তু বাজারে এসে দেখি উল্টো অবস্থা। কয়েকদিন আগে এক কেজির ওপরে রুই ৩৫০ টাকা কেজি দরে কিনেছিলাম, আজ দাম চাচ্ছে ৩৮০ টাকা। আয়ের সঙ্গে সংসারের ব্যয়ের হিসাব কিছুতেই মেলে না। জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে।
অন্য ক্রেতা জসিম উদ্দিন বলেন, “গায়ে মাখা সাবান থেকে শুরু করে মূলা, কোনো জিনিসের মূল্যই আর নাগালের মধ্যে নেই। আটা-ময়দা থেকে শুরু করে মাছ-মাংস, সবজি কোনোটিতেই স্বস্তি নেই। আমরা এখন চরম অস্বস্তি নিয়েই দিন পার করছি। কোনো পণ্যেই তো শান্তি নেই। এক তেলাপিয়া মাছ ৩০০ টাকার ওপরে কেজি, আর ছোট মাছ ৫০০ টাকার মতো। আর অন্য পণ্যের কথা না-ই বললাম। আমাদের সবকিছু মেনে নিয়েই চলতে হবে, চলতে হচ্ছে। কিচ্ছু বলার নেই।”
বিক্রেতা রাসেল খান বলেন, “গায়ের রেটের সব পণ্যের দাম বেড়েছে। গায়ে দেওয়া সাবান থেকে শুরু করে হুইল পাউডার, পেস্ট, আটা, ময়দা—সবগুলোর দামই বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। এছাড়া সয়াবিন তেলের দামও লিটারে ১৪-১৫ টাকা বাড়তে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। গায়ের দাম আর পাইকারি রেট বাড়লে আমরা তো আর কম দামে বেচতে পারি না।”
সবজি বিক্রেতা আরিফ বলেন, “দ্রব্যের দাম কমবে বলে মনে হয় না। আমরা বেশি দামে কিনে আনলে কীভাবে কম দামে বিক্রি করবো? আমাদের তো নিজের সংসার চালিয়ে বেঁচে থাকতে হবে।”
ছুটির দিনে ফাঁকা ঢাকার এই সুযোগে স্বস্তি না মিলে মুদিপণ্য ও মাছ-সবজির লাগামছাড়া দাম মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। সামনে সয়াবিন তেলের দাম বাড়ার আশঙ্কা জনমনে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। বাজার মনিটরিং সংস্থাগুলোর কঠোর নজরদারি না থাকলে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
এস.এইচ
আরও পড়ুন: শাহজাদপুরে বড়াল নদে জমজমাট ‘মোজো পানসি নৌকাবাইচ উৎসব ২০২৬’ শুরু

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।