জাতীয় প্রতিবেদন / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
জুলাই অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার অন্য ৩ জন আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই বিচারক হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আরও পড়ুন: রায়গঞ্জের প্রবীণ সাংবাদিক আশরাফ আলীর জীবনাবসান
আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও জহিরুল আমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে আইনি দায়িত্ব পালন করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ গঠন করা হয়েছিল। প্রথম অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থান দমনে হানিফের প্রত্যক্ষ উসকানি, প্ররোচনা ও সহায়তার তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ১৫, ১৭ ও ৩০ জুলাই এবং ৩ আগস্ট তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিভিন্ন উসকানিমূলক বক্তব্যকে সমর্থন জানান হানিফ। এছাড়া ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে হত্যাযজ্ঞে প্ররোচনা জোগান। একই সঙ্গে শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আন্দোলন দমনের সামরিক পরিকল্পনায় তাঁর নীতিগত সমর্থন ছিল।
আরও পড়ুন: এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধে সাজানো মামলার অভিযোগ
দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হানিফের নেতৃত্বে সদর উদ্দিন, আজগর ও আতাউর রহমান আতাসহ অন্যান্য নেতাদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিরীহ ছাত্র-জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তা প্রতিহত করতে চরম বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়।
তৃতীয় অভিযোগটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে প্রাণঘাতী অস্ত্র দিয়ে ৬ জনকে হত্যার ঘটনা। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহরের হাসপাতাল মোড় হয়ে মজমপুরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে গুলি চালান। দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, বাবলু ফরাজী ও ইউসুফ শেখ গুলিতে নিহত হন। এই বর্বরোচিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে উল্লিখিত দণ্ডাদেশ কার্যকর করার নির্দেশ দেন।
সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায় ও প্রসিকিউশন নথিপত্র
আরও পড়ুন: সলঙ্গায় সড়কের সরকারি গাছ বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।