পাবনায় মাছ ধরতে গিয়ে টঙ ঘরে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন
ছবি: সংগৃহীত

সদর প্রতিনিধি / পাবনা / দিগন্ত বাংলা নিউজ

পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের অন্তর্গত গোপিনাথপুর এলাকার একটি ব্রিজের সন্নিকটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। হঠাৎ এমন প্রাকৃতিক বিপর্যয়ে গোটা এলাকায় গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবীদের পাশে থাকার প্রত্যয় জেলা প্রশাসকের

দুর্ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি তুলনামূলক দুর্গম বিল এলাকায় হওয়ায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে বিশেষ পুলিশ দল পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার ও সুরতহালসহ সার্বিক কার্যক্রম তদারকিতে কাজ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে একদল তরুণ ও কিশোর ওই উন্মুক্ত বিলে মাছ শিকারে যায়। বিকেলের দিকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে বিকট শব্দে মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা সবাই বিলের মাঝে অবস্থিত একটি অস্থায়ী টঙ ঘরে আশ্রয় নেন। ঠিক সেই মুহূর্তে সরাসরি ওই টঙ ঘরের ওপর বজ্রপাত আঘাত হানে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ভুয়া পরিচয়পত্রধারী এনএসআই সদস্য গ্রেপ্তার

বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই ৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আশপাশে থাকা অপর ৪ জন গুরুতর অগ্নিদগ্ধ ও আহত হন। এলাকাটি লোকালয় থেকে দূরে হওয়ায় দীর্ঘ সময় হতাহতরা সেই টঙ ঘরের ভেতরেই পড়ে ছিলেন। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে আশপাশের কৃষিজমি ও বিলপাড়ের স্থানীয় মানুষ ঘটনাটি আঁচ করতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার উদ্দেশ্যে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় তারা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের। সেখানেই বজ্রপাত ঘটে। যারা নিহত হয়েছেন তারা কিশোর ও তরুণ। বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত চারজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এস.এইস

আরও পড়ুন: সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মেলা ও সমাবেশ