প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
সিরাজ জেলার শাহজাদপুর উপজেলায় পৃথক দুটি অপরাধমূলক ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একটি প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি ও সাইবার ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা এবং অন্যটি সাত বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত উভয়কেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ ধরনের পৃথক দুটি ঘটনার আকস্মিকতায় স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত বিবরণ অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা চরপাড়া এলাকায়। দীর্ঘ তিন থেকে চার বছর ধরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী মো. এছাহাক আলীর স্ত্রী মোছা. নুরনাহার খাতুন (৩৮) এই সাইবার ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগী নারী নিজ বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর এবং তাঁর স্বামীর নম্বরে বিভিন্ন আপত্তিকর ছবি প্রেরণ করা হয়। পরবর্তীতে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরের মাধ্যমে বিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা প্রদানে অস্বীকৃতি জানালে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
দাবিকৃত টাকা না দেওয়ায় পরবর্তীতে ‘Md Rakib Hossain’, ‘F Hafizul 45’ এবং ‘Anamul 13’ নামের একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ওই প্রবাসীর পরিবার চরম সামাজিক বিব্রতকর ও মানসিকভাবে বিপর্যস্ত পরিস্থিতির মুখে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী নুরনাহার খাতুন নিজে বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ও দ্রুত তৎপরতা চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: শাহজাদপুরে দুর্গোৎসবের নিরাপত্তায় ৯২ মণ্ডপে ৫৮২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন
অন্যদিকে, শাহজাদপুর থানার ব্রজবালা কুঠিরপাড়া গ্রামে ঘটিত দ্বিতীয় আরেকটি পৃথক ঘটনায় সাত বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুর পিতা মো. মামুন আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ পায় যে, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় ‘হযরত আয়েশা সিদ্দিকা (রা.) নূরানী কিন্ডারগার্টেন’-এর দুই শিক্ষার্থী খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। ওই সময় পথিমধ্যে মো. আ. মালেক মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি দোকান থেকে খাজা কিনে দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে শিশু দুটিকে নিজের টিনের ঘরে ডেকে নিয়ে যান এবং সেখানে তাদের শ্লীলতাহানি করেন।
শিশুদের কান্নাকাটি ও আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মালেক মন্ডল—যিনি ওই গ্রামের মৃত আমানাল হাজীর ছেলে—পলায়ন করেন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন যে, পৃথক দুটি ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এস. এন
আরও পড়ুন: শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত, সচেতনতা বৃদ্ধির ওপর জোর

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।