বেলকুচিতে এনসিপি নেতা মাহিন সরকারের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগ

বেলকুচি প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, সেখানে পেট্রলবোমা নয় বরং পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন এবং গ্রামের বাড়িতে কেবল তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়ির সামনে একটি পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও স্থানীয় লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বোমাটি বাড়ির দিকে ছোড়া হলেও প্রবেশপথেই বিস্ফোরিত হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে এই ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার উল্লেখ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল আমার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। রাত সাড়ে ৯টায় আমার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা থাকেন।

ঘটনার সত্যতা ও আলামত উদ্ধারের বিষয়ে জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে সেখান থেকে পেট্রল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে এবং ঘটনাস্থলে কোনো কাচের টুকরা বা পেট্রলবোমার অন্য কোনো আলামত পাওয়া যায়নি।

এস.এইস