গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

গোপালগঞ্জ সদর প্রতিনিধি / গোপালগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে এলাকার শান্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন ও সংবিধান মোতাবেক প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের কথা জানান।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি আপনারা শান্তিরক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।’ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা তুলে ধরে আইজিপি আরও বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’

আলাপকালে দুই থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশ মহাপরিদর্শক প্রশ্ন রেখে বলেন, ‘এই থানাগুলো কাদের জন্য? আপনাদের, এই জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারাই পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’ পুলিশি কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’

গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো জনগণ যা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।’ পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। পরিণতি কী হয়, তা আপনারা দেখেছেন। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।’

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্দেশ্যে জেলায় পৌঁছান পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এস.এইস