আটবার মেয়াদ বাড়িয়েও অসম্পূর্ণ যমুনা সেতু পশ্চিম-হাটিকুমরুল চার লেন মহাসড়কের কাজ

সিরাজগঞ্জ সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করা এবং মহাসড়কটি যানজটমুক্ত রাখার লক্ষ্যে ২০১৯ সালে শুরু হওয়া যমুনা সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত ১৯ দশমিক ৮ কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ আটবার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় ব্যয় ৬৪৯ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৪১ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হেগো মীর আক্তার’ কাজ বন্ধ রাখায় এ বছর ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হওয়া নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে, যদিও প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রকল্পের ৭৭ শতাংশ বিল উত্তোলন করে নিয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রকল্পটির সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ বলে দাবি করা হলেও দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ বন্ধ থাকায় চালক ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের অব্যবস্থাপনা, পর্যাপ্ত তদারকির অভাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও অবহেলার কারণেই নির্ধারিত সময়ে সড়কটির কাজ শেষ হচ্ছে না। বগুড়া থেকে ঢাকাগামী আর কে পরিবহনের বাসচালক লিয়াকত আলী এ বিষয়ে বলেন, ‘হাটিকুমরুল থেকে যমুনা সেতু গোল চত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার মহাসড়কের কাজ অনেকাংশে শেষ হয়েছে। তবে ছোট ছোট কিছু কাজ এখনো বাকি। যার ফলে আমাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।’

মহাসড়কে নিয়মিত চলাচলকারী পরিবহন সংশ্লিষ্টরাও তাদের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সংস্কার ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি জানিয়েছেন। উত্তরবঙ্গ থেকে নিয়মিত যাতায়াতকারী ট্রাকচালক শাহজাহান সরদার বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কের কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারের লোকজনকে কাজ করতে তেমন একটা দেখা যায়নি। এখনো সড়কে বিটুমিনের শেষ স্তর দেওয়া, সোলার লাইট বসানো এবং রং দিয়ে দাগ টানার কাজ বাকি।’ একই ধরনের ভোগান্তির কথা জানিয়ে এন আর পরিবহনের সুপারভাইজার সুজন সরকার বলেন, ‘প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ছোট-বড় মিলে হাজারো গাড়ি চলাচল করে। মহাসড়কে ছোট ছোট অনেক কাজ বাকি রয়েছে। ফলে গাড়ি চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। যাত্রীদেরও যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার কাজ কবে শেষ হবে জানি না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।’

কাজ বন্ধ থাকার কারণ ব্যাখ্যা করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হেগো মীর আক্তার’-এর প্রকল্প ব্যবস্থাপক আকলাস উদ্দিন বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টপ লেয়ারের কাজ ও পলিমার মডিফাইড বিটুমিনের কাজ অ্যাপ্রুভাল করা যায়নি। এ কারণে কাজটি শুরু করতে পারিনি। নতুন সরকার আসার পরে অনুমোদন দিয়েছে। এখন কাজটি অচিরেই শুরু করব। যদিও কাজ ডিসেম্বর শেষ হবে না। তারপরও আমারা চেষ্টা করছি শেষ করার জন্য।’ অন্যদিকে, প্রকল্পের কনসালটেন্ট মনজিদ কুমার সাহা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিকসংকটসহ কিছু সমস্যার কারণে কাজ শেষ হচ্ছে না এবং দ্রুত কাজ শেষ করতে প্রতিষ্ঠানটিকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি এক বছর হলো এখানে এসেছি। প্রকল্পটির কাজ অনেক আগে থেকেই বন্ধ রয়েছে। কাজটি দ্রুত শেষ করার জন্য বারবার বলা হলেও কোনো কাজ হচ্ছে না। কাজের অগ্রগতি ৮৫ শতাংশ হয়েছে। বিল দেওয়া হয়েছে ৭৭ শতাংশ। এ বছরের ডিসেম্বরে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।’ এছাড়া এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের সাচেক-২-এর প্রকল্প পরিচালক (পিডি) ড. মো. ওয়ালিউর রহমান জানান, প্রকল্পের কাজ খুব ধীরগতিতে চলছে এবং দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে সড়ক কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই।

এস.এইস