ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ যুবলীগ কর্মীর বিরুদ্ধে

ভূঞাপুর প্রতিনিধি / টাঙ্গাইল / দিগন্ত বাংলা নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ও পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তুলা শেখ নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক সক্রিয় নেতা ও কর্মীর বিরুদ্ধে। গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জমির দাবিদার ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ শনিবার বিকেলে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় নেতা তুলা শেখ দীর্ঘদিন ধরে কয়েড়া মৌজার ৩৮ শতাংশ আবাদি জমির মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। জমিটির মালিকানা ও দখল নিয়ে ইতিমধ্যে আদালতে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে এবং বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশও অনুষ্ঠিত হয়েছে। ওইসব গ্রাম্য সালিশে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পক্ষে রায় দেওয়া হলেও প্রতিপক্ষরা তা মানতে নারাজ ছিলেন। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে সালিশদারগণ উভয়পক্ষকেই বিরোধপূর্ণ ওই জমিতে প্রবেশ করতে নিষেধ করেছিলেন; কিন্তু প্রতিপক্ষ তুলা শেখ ও তাঁর লোকজন সেই নিষেধাজ্ঞা অমান্য করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পূর্ববিরোধ ও সালিশ অমান্য করার জের ধরে গত শুক্রবার ১৪ নভেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা তুলা শেখ তাঁর দলবল নিয়ে ওই জমিতে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের চাষ করা পাকা ধান কেটে নিয়ে যান। জোরপূর্বক ধান কেটে নেওয়ার ফলে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার প্রায় ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনা ও লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিষয়টি পুলিশি তদন্তের আওতায় রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

এস.এইস