সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে ১ জানুয়ারি
ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ

দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অবহেলার শিকার হয়ে স্থবির হয়ে থাকা ঢাকার সাভারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। দেশের স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসকদের আধুনিক ও দক্ষ প্রশাসনিক নেতৃত্বে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠানে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। 

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবকাঠামোগত প্রয়োজনীয় সব ধরনের সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করে ক্যাম্পাসটিকে পূর্ণাঙ্গ ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে বলে সরকারের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল (৩১ অক্টোবর) দুপুরের দিকে প্রতিষ্ঠানটির সামগ্রিক অবকাঠামো সরেজমিন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

পরিদর্শনের পূর্বে সাভারের এই ক্যাম্পাসে স্থানীয় জনপ্রতিনিধি, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ দল সরেজমিন পরিদর্শন করে নষ্ট ও চুরি যাওয়া সরঞ্জামের তালিকা তৈরি করবে। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে কর্মকর্তাদের বসার ব্যবস্থা ও সাব-স্টেশন চালুর উদ্যোগ নেবে গণপূর্ত বিভাগ। দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত ও দাপ্তরিক পরিবেশ ফিরিয়ে এনে প্রশিক্ষণ কার্যক্রমের পথ সুগম করার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা প্রতিষ্ঠানটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার জাতীয় প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার একটি ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ‘উই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত স্পষ্ট করে বলেন, “বর্তমান সরকার জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি করতে চায়। জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সব ধরনের দুর্নীতি ও অনাচার প্রতিহত করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।” তৃণমূল পর্যায়ে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

গুরুত্বপূর্ণ এই পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: ফোয়ারা তাসনিম ও অধ্যাপক ডা: মো. জাহিদ রায়হানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ।

এস.এইস