সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের রজতজয়ন্তী উৎসব উদ্‌যাপন

সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

“মঙ্গল আলোকে উদ্ভাসিত আমাদের সকল কর্মকাণ্ড”—এই প্রাঞ্জল প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের গৌরবোজ্জ্বল ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী রজতজয়ন্তী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাট্যচর্চার মাধ্যমে সমাজ সংস্কার ও ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই সাংস্কৃতিক মেলবন্ধনকে ঘিরে স্থানীয় নাট্যকর্মী, কলাকুশলী এবং সংস্কৃতমনা মানুষের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা শহরের ঐতিহ্যবাহী পৌর ভাসানী মিলনায়তনে এ বর্ণাঢ্য উৎসবের মূল পর্ব আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের নাট্যবিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক এবং হাজী মো. আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মো: আব্দুস সাত্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবে সংহতি প্রকাশ করেন সিরাজগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন শেখ এবং বাংলাদেশ দলিল লেখক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বালন ও আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে থিয়েটারের রজতজয়ন্তীকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী মো: আব্দুস সাত্তার বলেন, “বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই তিনি সিরাজগঞ্জের সকল সাংস্কৃতিক অঙ্গন কে একটি প্লাটফর্মে বসার ব্যবস্থা করবেন। পাশাপাশি হাজী মো আব্দুস সাত্তার ফাউন্ডেশন আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তন মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ২৫ বছরের পথচলা সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি নাট্যচর্চার মাধ্যমে মানুষের মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমি আশা করি আগামী দিনেও নাট্যচক্র গ্রুপ থিয়েটার নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে। সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

সভায় বক্তব্য প্রদানকালে অন্যান্য বিশিষ্টজনরা নাট্যচক্র গ্রুপ থিয়েটারের দীর্ঘ আড়াই দশকের নিরবচ্ছিন্ন সাংস্কৃতিক সংগ্রামের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন যে, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে নাট্যমঞ্চ সবসময় দিশারীর ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করে সৃজনশীল নাট্যচর্চার মাধ্যমে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ক্ষেত্রকে জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ করার জোর প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এস.এইস