চান্দগাঁও প্রতিনিধি / চট্টগ্রাম / দিগন্ত বাংলা নিউজ
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির পুরো সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চান্দগাঁও থানার মোবাইল-৩১ ডিউটিতে থাকা পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে তৌহিদুল আলম আকিবকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁর দেহ তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বর্তমান ঠিকানা হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের বাসায় ইয়াবা তৈরির মেশিন সংরক্ষিত থাকার বিষয়টি স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাই ও সরঞ্জাম উদ্ধারে চান্দগাঁও থানার এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন এবং এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আকিবকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলটি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলার ওই বাসায় তল্লাশি চালিয়ে একটি পূর্ণাঙ্গ ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করে। একই সঙ্গে সেখান থেকে ইয়াবা তৈরির কাঁচামাল ও উপকরণ হিসেবে ব্যবহৃত কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবা ট্যাবলেটের সঠিক আকার নির্ধারণের জন্য ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৌহিদুল আলম আকিব জানিয়েছেন যে তিনি অনলাইনে ইউটিউব ভিডিও দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির সহায়তা নিয়ে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মেশিনটি কিনে এনে হাটহাজারীর ওই ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে সেখানে নিয়মিত ইয়াবা উৎপাদন করে বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন বলেও তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ঘটনায় জব্দকৃত দুই পিস ইয়াবা, মেশিন ও অন্যান্য সরঞ্জাম থানায় নিয়ে আসা হয়েছে এবং গ্রেপ্তার তৌহিদুল আলম আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।