শাহজাদপুরে বাঘাবাড়ি ব্রিজে গরু বোঝাই লছিমন উল্টে নিহত ১, আহত ৩

প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজের ওপর গরু বোঝাই একটি লছিমনের চাকা খুলে উল্টে গিয়ে বাবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লছিমনে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পাবনা জেলার ফরিদপুর থেকে একটি লছিমনে করে গরু নিয়ে শাহজাদপুর উপজেলার তালগাছী গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন। পথিমধ্যে বাঘাবাড়ি ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ করেই লছিমনটির চাকা খুলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্রিজের ওপর উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা চারজন যাত্রীর মধ্যে একজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর তিনজন গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৫০) বা মোঃ বাবলু (৫০)। তিনি পাবনার বুনাইনগর থানার চকচকিয়া গ্রামের মৃত মাজেদ প্রামানিকের পুত্র বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, লছিমনের চাকা খুলে একজন নিহত হয়েছেন এবং বাকি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, লছিমনের চাকা খুলে একজন নিহত হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এস.এইস