ঢাকা প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা তাদের অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠাতে প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে, তবে ছাত্রদের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতেই উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে বা যারা বর্তমানে উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। কিন্তু উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে এবং হিসাব খোলার সময় অবশ্যই কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
অভিভাবক নির্ধারণ ও হিসাব খোলার নিয়মাবলিতে জানানো হয়েছে, শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে এবং তাঁদের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খুললে সেই হিসাবেই অর্থ গ্রহণ করা যাবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন বিকল্প অভিভাবক হতে পারবেন এবং তাঁদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এছাড়া বাবা-মা ও উল্লিখিত বিকল্প অভিভাবকদের কেউ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে প্রত্যয়নপত্র দেবেন, যা এইচএসপি-এমআইএসে আপলোড করে শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। উল্লেখ্য, শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যাবে এবং তখন নিজ নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে হিসাবটি হালনাগাদ করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দিয়ে বলা হয়েছে, কেবল বাবা অথবা মা জীবিত থাকলেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। উদাহরণস্বরূপ, বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে ওই বাবার জাতীয় পরিচয়পত্র দিয়েই তাঁর নামে হিসাব খুলতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং ব্যানবেইসের ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে পারবে, যার ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ই-মেইলে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরো কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।