ঢাকা প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
১৬ বছর বা এর কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এ বিষয়ে কাজ করার জন্য স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।
আদালতের আদেশে বলা হয়েছে, নীতিমালা প্রণয়নের লক্ষ্যে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জারি করা রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জানান, কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং এর ফলে তারা নানাভাবে নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো উপসর্গ দেখা দিচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে বলে তিনি উল্লেখ করেন।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি সাম্প্রতিক গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। ওই গবেষণায় উঠে এসেছে, ঢাকা শহরের প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনের সামনে ব্যয় করে, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় কাটাচ্ছে।
গবেষকদের তথ্যে আরও দেখা গেছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের নানা সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। এছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহারকারী শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের যথাযথ বিকাশের জন্য এই বয়সী শিশুদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। গবেষণায় অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে এবং অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এই হার তুলনামূলকভাবে বেশি। এ প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।