বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল ৪টি মোটরসাইকেল

ধুনট প্রতিনিধি / বগুড়া / দিগন্ত বাংলা নিউজ

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে ব্যাংক শাখাটির প্রধান ফটকের সামনে এই নাশকতামূলক ঘটনা ঘটে। তবে নিক্ষিপ্ত বোতল দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ায় শাখার সামনে রাখা ৪টি মোটরসাইকেল অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে শাখা ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, রাতে ব্যাংকের দুই নারী কর্মী অফিস থেকে বের হওয়ার জন্য প্রধান ফটক খুললে বাইরে কয়েকজন ব্যক্তিকে হাতে আগুনসহ দেখতে পান। এ সময় ওই দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে দুটি পেট্রোলভর্তি জ্বলন্ত কাচের বোতল নিক্ষেপ করে। সৌভাগ্যবশত বোতল দুটি সামনে থাকা মোটরসাইকেলগুলোর ওপর না পড়ে পাশে গিয়ে পড়ে এবং পরবর্তীতে লাঠির সাহায্যে জ্বলন্ত বোতল দুটি নিরাপদ দূরত্বে সরিয়ে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা অনুযায়ী, এই পেট্রোলবোমা হামলার ঘটনায় চারজন ব্যক্তি জড়িত থাকতে পারেন, তবে রাতের অন্ধকার থাকায় তাঁদের চেহারা বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হামলার পরপরই বিষয়টি ধুনট থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাত ১২টা থেকে ১টা পর্যন্ত সেখানে অবস্থান করে সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এস.এইস