দুর্গাপুরে নেতিবাচক সংবাদকে ‘গীবত’ বললেন ইউএনও, সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

দুর্গাপুর প্রতিনিধি / রাজশাহী / দিগন্ত বাংলা নিউজ

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের কাজের ভুলত্রুটি ও অনিয়ম-দুর্নীতি তুলে ধরে সমালোচনা কিংবা নেতিবাচক সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের নিরুৎসাহিত করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত সার্বিক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্বকালে সমাপনী বক্তব্যে তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রমের সমালোচনা বা নেতিবাচক সংবাদ প্রকাশকে একধরনের ‘গীবত’ বলে মন্তব্য করেন এবং হযরত মুহাম্মদ (সা:)-এর একটি হাদিস উদ্ধৃত করেন।

সম্প্রতি গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে সমাপনী বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘সরকারি কর্মকর্তারাও মানুষ, ফেরেশতা নন। কাজ করতে গেলে তাঁদের ভুল হতেই পারে। কেউ ভুলের উর্ধ্বে নন। একমাত্র ভুল হয়না ফেরেস্তাদের। আল্লাহ তাদের সকল ভালো গুণাবলি ও শতভাগ পবিত্রতা এবং ভালো দিক দিয়ে সৃষ্টি করেছেন। আর ভুল করে শয়তান। শয়তানকে সেইভাবেই সকল খারাপ কিছু দিয়ে সৃষ্টি করা হয়েছে। একমাত্র মানুষকেই ভালো-খারাপ মিশ্রণে সৃষ্টি করা হয়েছে। আমরা (সরকারি কর্মকর্তা) সর্বোচ্চ ভালো কাজ করার চেষ্টা করব। আমাদের মধ্যেও ভুলত্রুটি হয়ে থাকে, আমরা একদম পারফেক্ট না।’ এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের ভুলত্রুটি না ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

ধর্মীয় ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে ইউএনও উম্মে হাবিবা ফারজানা আরও বলেন, ‘হাদিসে আছে, এই হাদিসটা সবাই জানে, রাসুল (সা:) বলেছেন- পরনিন্দা, পরচর্চা, কারো অনুপস্থিতিতে সমালোচনা করা এমনকি কারোর অপছন্দের বিষয় প্রকাশ করাটাও একধরনের ‘গীবত’! এটিকে মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল বলেছেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘যে ঘটনা সত্যিই ঘটেছে! সেই ঘটনা নিয়ে সমালোচনা করা, পরনিন্দা করা গীবতের পর্যায়েই পড়ে। এখানে যে কাজটি বা ঘটনাটি ঘটেইনি অথচ সেটাই সংবাদ আকারে প্রকাশ করেছেন। প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনারা যারা এসব করেছেন জানি না আল্লাহর কাছে এটার কি জবাবদিহি আছে।’

ইউএনও উম্মে হাবিবা ফারজানার এমন মন্তব্যের পর সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তোলেন যে, স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী অবস্থান নিয়ে প্রশাসনের জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই ইচ্ছাকৃতভাবে হাদিসের আংশিক অপব্যাখ্যা করা হয়েছে। দুর্গাপুর প্রেসক্লাবের এক জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী জানান, প্রকাশিত সংবাদে অসত্য তথ্য থাকলে প্রতিবাদলিপির মাধ্যমে তা সংশোধনের সুযোগ রয়েছে, কিন্তু অনুসন্ধানী সংবাদ প্রকাশে নিরুৎসাহিত না করে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে ইউএনওর আরও দায়িত্বশীল হওয়া উচিত। অপর এক জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জনস্বার্থে সংবাদ তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং ইউএনওর এমন বক্তব্যের নিন্দা জানানো ছাড়া বিকল্প নেই।

এ বিষয়ে কয়েকজন ইসলামি বুজুর্গ ও বিশিষ্ট মুহাদ্দিসের সঙ্গে কথা বললে তাঁরা জানান, ইসলামী পরিভাষায় গীবত কবিরা গুনাহ হলেও ফকিহ্ বীদদের মতে ব্যক্তিগত আক্রোশ ছাড়া জনকল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ৬টি বিশেষ ক্ষেত্রে কারো দোষ বা ত্রুটি আলোচনা করা বৈধ এবং এটি গীবত হিসেবে গণ্য হয় না। উল্লেখ্য, ওই সভায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য জার্জিস হোসেন সোহেল ও বিএনপি নেতা গোলাম মর্তুজাসহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এস.এইস