উল্লাপাড়ায় বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে সাবেক আ.লীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ

উল্লাপাড়া প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রফিকুল ইসলাম রতনের এই মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উল্লাপাড়ার স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, রতন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এমনকি 2020 সালে উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়াও 2023 সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি, তবে সে সময় দলীয় মনোনয়ন পাননি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, 2024 সালের আগে উল্লাপাড়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানার ও ফেস্টুনের ব্যাপক উপস্থিতি ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রতন মিয়া। সে সময়ও তাঁর দল পরিবর্তনের বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

নিজের অবস্থান ও দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে রফিকুল ইসলাম রতন বলেন, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার স্বার্থেই তখন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং সাবেক সংসদ সদস্য আকবর আলীর একটি নির্বাচনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলেও জানান রফিকুল ইসলাম রতন।

অন্যদিকে, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন বলেন, আমি সবসময় ত্যাগী নেতাকর্মীদের পক্ষে, হাইব্রিডদের পক্ষে নই। মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। এদিকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান এবং সভাপতি-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নূর কায়েম সবুজ বলেন, রতন মিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে বিতর্কের বিষয়টি তিনিও অবগত রয়েছেন। তবে তিনি রতন মিয়াকে চেনেন না বলে জানান এবং মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তি শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাবেন কি না এবং এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন কতটা নিশ্চিত হবে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এস.এইস