কৃষিপণ্যের ক্ষতি রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ওপর জোর পরিবেশমন্ত্রীর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক / দিগন্ত বাংলা নিউজ

ফসল তোলার পর কৃষিপণ্যের অপচয় কমানো এবং ফল ও সবজির গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন এবং এর ফলে তাদের আয়ও বৃদ্ধি পাবে। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ মানুষের জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে বাজারে পৌঁছানোর আগেই অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি তৈরি করা হয়েছে। এ প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণ এলাকায় আরও নির্ভরযোগ্য হিমাগার স্থাপনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয়প্রযুক্তির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হবে।

সমন্বিত ব্যবস্থাপনার রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত শীতলীকরণ, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণ—এই চারটি বিষয়কে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়বে এবং পাশাপাশি জলবায়ু সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এ ছাড়া দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকাতেও এ প্রযুক্তি ছড়িয়ে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এবং প্রকল্পের সঙ্গে যুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান।

প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)। প্রকল্পের আওতায় রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্পের অংশীদার, এনজিও, কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধি এবং গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এস.এইস