প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
দেশে প্রায় 40 শতাংশ মানুষ জানেনই না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, আর আক্রান্তদের মধ্যে মাত্র 20 শতাংশের রোগ নিয়ন্ত্রণে থাকে। এই উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরে ডায়াবেটিস মোকাবিলায় কেবল চিকিৎসা-নির্ভরতার বদলে রোগ প্রতিরোধ, স্ক্রিনিং এবং পূর্ণাঙ্গ জাতীয় জরিপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিডব্যাক রিসেট’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘বিদ্যমান তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ২০৫০ সাল নাগাদ তা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। তবে এত বড় জনগোষ্ঠীর দেশে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ না থাকায় প্রকৃত চিত্র ও ঝুঁকির তথ্য আরও নির্ভুলভাবে জানা প্রয়োজন।’ তিনি মনে করেন, রোগের প্রকৃত প্রবণতা ও ঝুঁকির মাত্রা সঠিকভাবে নিরূপণ করতে হলে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ জাতীয় জরিপ পরিচালনা করা জরুরি।
ডায়াবেটিসের দীর্ঘমেয়াদি মারাত্মক জটিলতা এড়ানোর বিষয়ে আলোকপাত করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতার মতো ঝুঁকি প্রতিরোধে এনসিডি কর্নারে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি খাদ্য, কৃষি ও শিক্ষাসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় জোরদার করা এবং শৈশব থেকেই শিশুদের মাঝে স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, ডায়াবেটিস কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সুষম খাদ্যাভ্যাস, শরীরের ওজন নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সঙ্গে যুক্ত মানসিক চাপ ও বিষণ্ণতার মতো বিষয়গুলোও সমান গুরুত্ব দিয়ে দেখা আবশ্যক। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই রোগের ঝুঁকি ও ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।