মার্কিন কারাগারে ধর্মগ্রন্থ পাঠে সময় কাটছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক / দিগন্ত বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দিদশার দিনগুলোতে নিবিড়ভাবে ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ অধ্যয়নে মনোনিবেশ করেছেন। কারাবন্দী অবস্থায় তিনি নিয়মিত একজন ইহুদি র্যাবাইসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আধ্যাত্মিক চর্চায় সময় পার করছেন। রবিবার (৮ নভেম্বর) আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে মাদুরোর এই কারাজীবনের চাঞ্চল্যকর ও গভীর তথ্য জনসমক্ষে উঠে আসে। তাঁর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত এমন ৬ জন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে প্রকাশ করা হয় যে, দীর্ঘ অবসর সময় পার করতে গিয়ে তিনি পবিত্র কুরআন ও পবিত্র বাইবেলসহ বেশ কিছু আধ্যাত্মিক ও তাত্ত্বিক গ্রন্থ পাঠকে সঙ্গী করে নিয়েছেন।

আরও পড়ুন: ডিজেলের মূল্যবৃদ্ধিতে সিরাজগঞ্জে আমন চাষে খরচ বৃদ্ধি, বড় লোকসানের আশঙ্কায় কৃষকেরা

আধ্যাত্মিক বিষয়ের প্রতি দীর্ঘদিনের সহজাত আগ্রহ থাকা মাদুরো কারাবন্দী অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী এবং একজন র্যাবাইসহ বিভিন্ন কারাধ্যক্ষদের সঙ্গে দফায় দফায় আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন। মাদুরো জনসমক্ষে পূর্বে দাবি করেছিলেন যে, তাঁর সেফার্ডিক ইহুদি ঐতিহ্য রয়েছে, যা গত শতকে ডাচ অ্যান্টিলিস অঞ্চল থেকে ভেনেজুয়েলায় অভিবাসী হিসেবে স্থানান্তরিত হয়েছিল; তবে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান যে আটকের আগে ইহুদি ধর্মচর্চার প্রতি তাঁর প্রত্যক্ষ কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালে তিনি একজন ধর্মপ্রাণ ক্যাথলিক হিসেবে পরিচিত হলেও সামাজিক ভাবধারার এক পাদ্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাছাড়া তিনি, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস ও উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার সক্রিয় অনুসারী ছিলেন এবং ভোটের রাজনীতিতে তিনি ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সমর্থন টানার জোর প্রচেষ্টাও চালিয়েছিলেন।

আরও পড়ুন: কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বর্তমানে ৬৩ বছর বয়সী নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন মুলুকে হাজার হাজার টন কোকেন পাচারে সরাসরি মদদ দেওয়াসহ আন্তর্জাতিক অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে এবং আগামী বছর তাঁর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন স্পেশাল ফোর্সের চৌকস কমান্ডোরা রাজধানী কারাকাসে দুঃসাহসিক অভিযান পরিচালনা করে মাদুরো এবং তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। তবে উভয় নেতাই ইতিমধ্যে মার্কিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। কারাগারে প্রবেশের পর নিম্নমানের খাদ্য সরবরাহের কারণে মাদুরোর শারীরিক ওজন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং সম্প্রতি তিনি খাবার ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

অন্যদিকে তাঁর সহধর্মিণী সিলিয়া ফ্লোরেসের স্বাস্থ্য পরিস্থিতি আরও চরম সংকটাপন্ন হয়ে পড়েছে। জানুয়ারিতে গ্রেপ্তারের প্রাক্কালে জরায়ু অস্ত্রোপচারের ধকল সামলানো অবস্থায় থাকা ফ্লোরেস বর্তমানে তীব্র বুকে ব্যথার উপশমে নাইট্রোগ্লিসারিন সেবন করছেন। ইতিমধ্যে তিনি মুখের দুটি দাঁত ও ২৫ পাউন্ডের বেশি ওজন হারিয়েছেন। আদালতের আইনি নথি অনুযায়ী, তাঁকে ৩ মাস নির্জন প্রকোষ্ঠে অবরুদ্ধ রাখার পর সাধারণ বন্দীদের ব্লকে স্থানান্তর করা হলে সেখানে বন্দীদের মধ্যকার দাঙ্গা থামাতে রক্ষীদের নিক্ষেপ করা পেপার স্প্রেতে তিনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হন। তাঁর নিয়োজিত আইনজীবী প্যানেলের আশঙ্কা, গত জুলাই মাসে তিনি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক চরম অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করা হলেও ৯২ বছর বয়সী বিচারক আলভিন কে হেলারস্টেইন তা নাকচ করেন। সম্প্রতি বিচারক হেলারস্টেইনের প্রয়াণের পর বিচারক অ্যানালিসা টরেস এই আলোচিত মামলাটির বিচারিক দায়িত্ব গ্রহণ করেছেন। প্রতিবেদনে ল্যাটিন আমেরিকার অন্য রাষ্ট্রপ্রধানদের ধর্মীয় সম্পর্কের উদাহরণ টেনে উল্লেখ করা হয় যে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই নিয়মিত তোরাহ পাঠ করেন এবং আল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ইসরায়েলের সাথে নিবিড় রাজনৈতিক মৈত্রী বজায় রাখছেন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

এস.এইস

আরও পড়ুন: কাজিপুরে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কীটনাশক বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা