জেলা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির তীব্র নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সিরাজগঞ্জের সামগ্রিক কৃষি খাতে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে জেলার কৃষকদের আমন ধান আবাদের প্রতিটি ধাপে উৎপাদন খরচ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জমি চাষ ও প্রস্তুত করা থেকে শুরু করে সেচ প্রদান, পাকা ধান কর্তন, মাড়াই এবং উৎপাদিত ফসল মাঠ থেকে ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ডিজেলচালিত আধুনিক কৃষিযন্ত্রের ওপর কৃষকরা প্রত্যক্ষভাবে নির্ভরশীল। ফলশ্রুতিতে জ্বালানির এই আকস্মিক মূল্যবৃদ্ধির ধাক্কা সরাসরি বহন করতে হচ্ছে প্রান্তিক চাষিদের। কিন্তু ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বাজারে ধানের বিক্রয়মূল্য না বাড়ায় ঘাম ঝরানো ফসল ঘরে তুলে লাভ তো দূরের কথা, বড় ধরনের আর্থিক লোকসান ও ঋণগ্রস্ত হওয়ার গভীর শঙ্কায় দিন পার করছেন এ অঞ্চলের হাজারো কৃষক।
রায়গঞ্জে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে খাদে অ্যাম্বুলেন্স, চালকসহ আহত ৭
স্থানীয় কৃষি বিভাগ ও মাঠপর্যায়ের কৃষকদের দেওয়া তথ্যমতে, চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রতি বিঘা জমিতে গড়ে প্রায় ৩৩ লিটার ডিজেলের প্রয়োজন হয়। প্রতি লিটার ডিজেলের মূল্য যখন ১১৫ টাকা নির্ধারিত ছিল, তখন এক বিঘার জ্বালানি বাবদ কৃষকের ব্যয় হতো প্রায় ৩ হাজার ৮০০ টাকা। বর্তমানে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি লিটার ১৩৫ টাকা নির্ধারিত হওয়ায় সমপরিমাণ ডিজেল ক্রয়ে খরচ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৬০ টাকা।
ফলে বিঘাপ্রতি শুধু জ্বালানি খাতেই কৃষকের বাড়তি ব্যয় গুনতে হচ্ছে প্রায় ৬৬০ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া আনুষ্ঠানিক তথ্যানুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় সর্বমোট ১ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমন আবাদ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৭০৮ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হচ্ছে সম্পূর্ণ ডিজেলচালিত ইঞ্জিনের ওপর নির্ভর করে। অর্থাৎ জেলার মোট রোপা আমন আবাদি জমির প্রায় ২৭.৪৫ শতাংশ জমি সরাসরি ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানির মূল্যের এই উল্লম্ফনে জেলার একটি বিশাল অংশের আমন আবাদ মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
নাগরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক ৩ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার
মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে উল্লাপাড়া উপজেলার তেলকুপি এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আগে ১০ বিঘা জমিতে ডিজেলের জন্য প্রায় ৩৮ হাজার টাকা খরচ হতো। এখন একই পরিমাণ জমিতে ডিজেলের জন্য প্রায় ৪৪ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। শুধু ডিজেলের দাম বাড়ায় অতিরিক্ত প্রায় ৬ হাজার ৬০০ টাকা খরচ হচ্ছে। কিন্তু সে অনুপাতে দাম পাচ্ছি না।’ একই ধরনের উৎকণ্ঠা প্রকাশ করে কৃষক আব্দুর রহমান শেখ বলেন, তেলের দাম বাড়ায় সেচ পাম্পের মালিকেরা পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
এছাড়া ডিজেল চালিত হারভেস্টার ও ট্রলিতে ধান কাটা, মাড়াই ও বাড়িতে নেওয়ার খরচও বাড়বে। এতে কৃষকের উৎপাদন ব্যয় আরও বাড়বে। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের হিসাব অনুযায়ী, প্রতি মণ ধান রোপণ থেকে ঘরে তোলা পর্যন্ত গড়ে প্রায় ৮০০ টাকা ব্যয় হয়। তবে চাষিদের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী এই খরচ বাস্তবে ৯০০ থেকে ১ হাজার টাকায় গিয়ে ঠেকে এবং বিরূপ আবহাওয়ার কারণে অনেক সময় তা আরও কয়েকশ টাকা বেড়ে যায়।
রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের কৃষক সুজাবত আলী বলেন, ‘ধানের উৎপাদন খরচ যেভাবে বাড়ছে, তাতে এবার চাষ করে লোকসান হবে। কারণ এক মণ ধান ঘরে তুলতে ১ হাজার টাকার বেশি খরচ হচ্ছে। অথচ মৌসুমে ধানের সর্বোচ্চ বাজারদরও ১ হাজার টাকা। ফলে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় কৃষকের লোকসান হবে।
আরেক কৃষক তাজিমুদ্দিন বলেন, ‘এবার আমন চাষে সব মিলিয়ে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে সার ও সেচের খরচ বেড়েছে। এখন ডিজেলের দাম বাড়ায় ধান কাটা ও মাড়াইয়ের খরচও বাড়বে। আমনেই যদি এত খরচ হয়, তাহলে বোরোতে কী হবে, সেটা ভাবতেই ভয় লাগে।’ সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর এ মওলা বলেন, ‘তেলের দাম বৃদ্ধিতে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। এটি অস্বীকারের সুযোগ নেই। সরকার সব বিষয় বিবেচনা করে ধানের দাম বাড়ালে কৃষকেরা কিছুটা লাভবান হতে পারবেন।’
এস.এইস
তাড়াশে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এডিপির ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।