নিজস্ব প্রতিবেদক / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ
টানা 12 ঘণ্টা বৈঠকের পর তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 4 হাজার 500 টাকা বাড়িয়ে 17 হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে নির্ধারিত বর্তমান ন্যূনতম মজুরি ছিল 12 হাজার 500 টাকা। মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন এই মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বেতন বৃদ্ধির বিষয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বোর্ডের 6 সদস্যের ভোটের মধ্যে 17 হাজার টাকার পক্ষে 4টি এবং 18 হাজার টাকার পক্ষে 2টি ভোট পড়ে। ওই দিন দুপুর 2টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে রাত 2টা পর্যন্ত চলে এবং এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নতুন বেতন কাঠামো ঘোষণা করেন।
বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, “সর্বনিন্ম গ্রেড চারের ক্ষেত্রে সকলে একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১ এর নিন্মতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২ এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩ এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিন্ম গ্রেড গ্রেড ৪ এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪ এর নিন্মতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
| গ্রেড | নতুন বেতন | পুরনো বেতন |
|---|---|---|
| গ্রেড 1 | 21,500 | 15,035 |
| গ্রেড 2 | 20,000 | 14,273 |
| গ্রেড 3 | 19,200 | 13,550 |
| গ্রেড 4 | 17,000 | 12,500 |
ন্যূনতম মজুরি 30 হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে 1 নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপর 4 নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন, যদিও সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় কাজ বন্ধ থাকার খবর প্রতিদিনই আসছিল। এর মধ্যে 9 নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন 32 হাজার টাকার প্রস্তাব দেয় এবং পরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরবর্তীতে 23 নভেম্বর সোমবার তৃতীয় বৈঠকে তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি 15 হাজার 700 টাকা নির্ধারণের সুপারিশ করে মালিকপক্ষ।
এর আগে তৈরি পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল 2023 সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ওই সময় ন্যূনতম মজুরি 8 হাজার থেকে বাড়িয়ে 12 হাজার 500 টাকা করা হয়েছিল এবং সে ক্ষেত্রে মজুরি বেড়েছিল 56 দশমিক 25 শতাংশ।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।