২০ কেজি ওজনের টিউমার নিয়ে যন্ত্রণায় কাতর হাফেজা রহিমা, চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা

নাগেশ্বরী প্রতিনিধি / কুড়িগ্রাম / দিগন্ত বাংলা নিউজ

শরীরে প্রায় ২০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি টিউমার নিয়ে দীর্ঘ চার বছর ধরে অসহ্য যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন ২৩ বছর বয়সী কোরআনে হাফেজা মোছা: রহিমা খাতুন। রাতের আঁধারে তাঁর কান্না আর আর্তচিৎকারে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠলেও সুস্থ হয়ে আবার পবিত্র কোরআনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। বেঁচে থাকার এক বুক আশা নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন এই তরুণী, যেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর উন্নত চিকিৎসার জন্য দুই লাখ টাকার বেশি প্রয়োজন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোছা: রহিমা খাতুন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাতিবান্ধা, ভবানীপুর গ্রামের নুরনবী মিয়ার মেয়ে। ধর্মীয় অনুশাসন ও পর্দার প্রতি গভীর শ্রদ্ধার কারণে তিনি কখনো পরপুরুষের সামনে নিজের মুখ প্রকাশ করেননি। ২০২২ সাল থেকে তাঁর ডান উরুতে টিউমারটি ক্রমশ বড় হতে থাকলেও লজ্জা, সংকোচ ও আত্মসম্মানের কারণে দীর্ঘদিন কাউকে নিজের শারীরিক কষ্টের কথা জানাতে পারেননি এবং চরম অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারেননি। এভাবেই চারটি বছর নীরবে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন তিনি।

অবশেষে রহিমার এই অসহায়ত্বের কথা তুলে ধরে গত ১৪ নভেম্বর ২০২৬ সময়ের কণ্ঠস্বরে ‘তবে কি ৭০ হাজার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে রহিমা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে হৃদয়বান মানুষের কাছ থেকে তাঁর চিকিৎসার জন্য মোট ১৭ হাজার ২৫০ টাকা সহযোগিতা আসে। সেই সহযোগিতায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তিনি ঢাকায় হাসপাতালে ভর্তি হলেও অসচ্ছল পরিবারের পক্ষে দুই লাখ টাকার বেশি চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে মোছা: রহিমা খাতুন বলেন, ‘আমি একজন পবিত্র কোরআনে হাফেজা। আমার স্বপ্ন ছিল সুস্থভাবে বেঁচে থেকে পবিত্র কোরআনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেব। কখনো ভাবিনি নিজের শরীরের এমন অবস্থা হবে, আর বাঁচার জন্য মানুষের কাছে হাত পাততে হবে। পর্দার কারণে এত দিন নিজের কষ্ট কাউকে দেখাইনি, কাউকে বলিওনি। কিন্তু এখন যন্ত্রণায় আর পারছি না। রাতে ব্যথায় যখন ছটফট করি, তখন মনে হয়—এই বুঝি আমার জীবন শেষ হয়ে যাবে। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে কোরআন পড়তে চাই, স্বাভাবিকভাবে হাঁটতে চাই। আপনারা আল্লাহর ওয়াস্তে, আমার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন।’

অসহায় এই পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষদের কাছে তাঁর চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য রহিমার নিজস্ব বিকাশ ও নগদ নম্বর: 01314900658 এবং শুধুমাত্র ভিডিওকলে রহিমাকে দেখতে চাইলে 01713200091 (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এস.এইস