নকলায় ভিক্ষায় সময় ও দিন বেঁধে জরিমানা-কারাদণ্ডের ঘোষণা

নকলা প্রতিনিধি / শেরপুর / দিগন্ত বাংলা নিউজ

ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে দিয়ে বিকেল 5টার পর ভিক্ষা করলে 1 হাজার 500 টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন শেরপুরের নকলার স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার। পাশাপাশি প্রতি মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নকলা উপজেলার জালালপুরে আনোয়ারের বাড়ি। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে নানা ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি এবং নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে বিকেল 5টার পর কেউ ভিক্ষা করতে পারবেন না বলে জানান। ওই সময়ের পর ভিক্ষা করলে 1 হাজার 500 টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে বলেও ভিডিওতে উল্লেখ করা হয়।

ঘটনা প্রসঙ্গে নকলা শহরের বাসিন্দা ছাত্রনেতা এন আই রিজন জানান, আনোয়ার মিয়া হুইলচেয়ারে বসে ভিক্ষা করেন এবং হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চান। নিজেকে ফকির সমিতির সভাপতি দাবি করে তিনি শেরপুর থেকে বকশীগঞ্জ এবং ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত নিজের এলাকা বলে উল্লেখ করেন। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাঁর এ ধরনের ঘোষণা প্রকাশ্যে আসার পর তা নিয়ে এলাকায় নানা মন্তব্য ও আলোচনা চলছে।

অন্যদিকে, স্থানীয় কোনো কমিটির পক্ষ থেকে জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়ার এমন ঘোষণার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টির আইনি ভিত্তি ও বাস্তবতা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা দেখা দিয়েছে।

এস.এইস