দেশে ডায়াবেটিস প্রতিরোধ ও আধুনিক চিকিৎসায় সরকারি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি
ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ

বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই মরণঘাতী রোগ প্রতিরোধ ও বিশেষায়িত চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে একটি পূর্ণাঙ্গ সরকারি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার জোর তাগিদ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ ও গবেষকেরা। তাঁরা উল্লেখ করেন, ২০০৬ সালে খোদ বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবের আলোকেই জাতিসংঘ ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করেছিল; অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দুই দশক পেরিয়ে গেলেও দেশে ডায়াবেটিসের জন্য বিশেষায়িত কোনো সরকারি জাতীয় ইনস্টিটিউট গড়ে ওঠেনি। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস: আমাদের করণীয়’ শীর্ষক এক নীতি-নির্ধারণী গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই দাবি তুলে ধরেন।

রায়গঞ্জে পুলিশের অভিযানে জোড়া খুন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বৈশ্বিক পরিসংখ্যান ও গবেষণার তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত অবস্থায় দিনযাপন করছেন। এর বাইরে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ মানুষ ইতিমধ্যে প্রি-ডায়াবেটিক ধাপে অবস্থান করছেন। বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করে জানান যে, ২০৫০ সাল নাগাদ এ দেশে ডায়াবেটিসে আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৩০ লাখে পৌঁছানোর মারাত্মক আশঙ্কা রয়েছে। সবচেয়ে বিপজ্জনক ও উদ্বেগের বিষয় হলো, বর্তমানে আক্রান্তদের প্রায় ৫০ শতাংশ মানুষই জানেন না যে তাঁদের শরীরে এই নীরব ঘাতক রোগটি বাসা বেঁধেছে। স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম বলেন, “ডায়াবেটিস এখন জাতীয় সংকট। আন্তর্জাতিক তথ্যমতে, দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ১৩ দশমিক ২ শতাংশ এ রোগে ভুগছেন। ডায়াবেটিসের মতো রোগ নিয়ে জনসচেতনতা তৈরি ও সরকারি নীতিনির্ধারণে সহায়তা করতেই এ গোলটেবিল বৈঠকের আয়োজন।

শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, “বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মূল ভিত্তি রোগ প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রাথমিক প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। অন্ধত্ব, কিডনি বিকল, হৃদরোগ ও ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস। এ রোগ থেকে সুরক্ষায় দ্রুত শনাক্তকরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং সরকারি ‘ওয়ান-স্টপ’ বিশেষায়িত ডায়াবেটিস ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি।” অন্যদিকে এসিইডিবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা: ফরিদ উদ্দিন বলেন, “২০০৬ সালে বাংলাদেশের প্রস্তাবেই জাতিসংঘ বিশ্ব ডায়াবেটিস দিবসকে স্বীকৃতি দিয়েছিল। এটি দেশের জন্য বড় গৌরব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত দেশে একটি সরকারি জাতীয় ডায়াবেটিস ইনস্টিটিউট গড়ে ওঠেনি।” তিনি আরও বলেন, “সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে ডায়াবেটিস নন-ট্রমাটিক অন্ধত্ব ও পা কেটে ফেলার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কেবল জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ৫০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমন্বিত উদ্যোগ ও বৈজ্ঞানিক চিকিৎসার সুযোগ বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মো. নুরুল ইসলাম বলেন, “ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে রোগী সুস্থ থাকতে পারেন। সরকার উপজেলা পর্যায়ে ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যায় রূপান্তর করছে। সেখানে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে সুগার পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ এবং প্রান্তিক পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রম জোরদারেও কাজ চলছে।” জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা: সাইদ মেহবুব উল কাদির বলেন, “দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৩৩ শতাংশ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভোগেন, যা পরবর্তী সময়ে অন্ধত্বের কারণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে লেজার, ডিজিটাল কালার ফান্ডাস ফটোগ্রাফি ও বিনামূল্যে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশনের মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ সম্ভব। এজন্য ডায়াবেটিস শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীদের চোখ ও রেটিনা পরীক্ষার কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি।”

নারীদের স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে ওজিএসবি সভাপতি অধ্যাপক ডা: ফিরোজা বেগম জানান, গর্ভাবস্থায় প্রায় ২৫ শতাংশ নারী ডায়াবেটিসে আক্রান্ত হন, যা গর্ভপাত ও নবজাতকের জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়; তিনি গর্ভধারণপূর্ব স্ক্রিনিং ও ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া ডা: এম এ হালিম খান ও ডা: মাহমুদুল হোসাইন কর্মক্ষেত্রে নিষ্ক্রিয়তা দূর এবং ৬৪ জেলায় এন্ডোক্রাইন সেবা চালুর দাবি তোলেন। অধ্যাপক ডা: মীর মোশাররফ হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈজ্ঞানিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধের দাবি জানান। সভায় এসিইডিবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: ইন্দ্রজিৎ প্রসাদ সরকারের কাছে ঢাকায় ইনস্টিটিউটের জন্য নির্ধারিত ৩ একর জমি বরাদ্দ, ৩৫ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে স্ক্রিনিং এবং টাইপ-১ আক্রান্ত শিশুদের বিনামূল্যে ইনসুলিন দেওয়াসহ ৮ দফা সুপারিশ পেশ করেন।

এস.এইস

কুচকাওয়াজে প্রধানমন্ত্রী, ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ