বগুড়া প্রতিনিধি / বগুড়া / দিগন্ত বাংলা নিউজ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অবস্থানকালে তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরবর্তীতে তাঁকে দ্রুত স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, বগুড়ায় ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা সোহেল খান। শুটিং ইউনিট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রায়ণে অংশ নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় অবস্থান করছিলেন এবং আগামীকাল তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে নিয়মিত শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে সম্পূর্ণ প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। এর একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকির পরও তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ওই সদস্য চিৎকার শুরু করলে ইউনিটের অন্য সদস্যরাও দ্রুত সেখানে ছুটে আসেন।
অবস্থার অবনতি দেখে শুটিং ইউনিটের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা অভিনেতা সোহেল খানকে মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।