শাহজাদপুরে পৃথক অভিযানে ১০০ ইয়াবাসহ আটক ২

প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি অভিযানে মোট 100 পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত 22 নভেম্বর 2026 রাতে উপজেলার শক্তিপুর পশ্চিমপাড়া ও গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন শাহজাদপুরের শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ফজলু সরকারের ছেলে মো. পলাশ সরকার (41), যিনি বর্তমানে একই এলাকার কুদ্দুস (পিতা- রওশন)-এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে 11টি মাদক মামলা আছে এবং 2026 সালের এখন পর্যন্ত মাদকসহ তিনবার আটক হয়েছেন। অপরজন হলেন গোবিন্দপুর বাজার এলাকার মৃত আফছার মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ওরফে তারা (50), যার বিরুদ্ধে পূর্বেও 4টি মাদক মামলা রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পরেও বারবার জামিনে বের হয়ে তারা একই কাজে লিপ্ত হচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় গত 22 নভেম্বর রাত সাড়ে 9টার দিকে এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহজাদপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলেন। ওই সময় বিসিক বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন। রাত 9টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন পলাশ সরকার। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান টেমরে গোঁজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো 70 পিস ইয়াবা উদ্ধার করে।

অন্যদিকে, দ্বিতীয় ঘটনায় একই রাতে (22 নভেম্বর 2026) রাত সাড়ে 9টার দিকে এসআই (নিঃ) কান্তি কুমার মোদকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিউটি চলাকালে বিনোটিয়া বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদ পায় যে, গালা ইউনিয়নের গোবিন্দপুর বাজারস্থ নীল চাঁদ আলীর ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন। এরপর রাত 10টা 5 মিনিটে সেখানে পৌঁছালে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীর মোল্লা ওরফে তারাকে হাতেনাতে আটক করা হয়। দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির পেছনের টেমরে একটি স্টার সিগারেটের খালি প্যাকেটের ভেতর সাদা পলিথিনে আলাদা আলাদাভাবে মোড়ানো 30 পিস ইয়াবা পাওয়া যায়। ডিজিটাল ওয়েট মেশিনে পলিথিন ছাড়া যার ওজন 3 গ্রাম এবং রাত 10টা 35 মিনিটে তা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত দুই ব্যক্তি স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে শাহজাদপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামিদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস.এইস